পানিহাটিতে তৃণমূল প্রার্থী নির্মল ঘোষের বিরুদ্ধে আনাস্থা প্রকাশ করে দল ছাড়লেন ৩ প্রাক্তন কাউন্সিলর

আমাদের ভারত, ব্যারাকপুর, ১০ মার্চ : উত্তর ২৪ পরগনার পানিহাটির বর্তমান তৃণমূল বিধায়ক ও প্রার্থী নির্মল ঘোষের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ এনে দল ছাড়লেন পানিহাটি পৌরসভার বিদায়ী তিন তৃণমূল কাউন্সিলর। পানিহাটি পৌরসভার ৯, ৪ ও ৩১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তিনজন যথাক্রমে কৌশিক চ্যাটার্জি, বিউটি অধিকারী, পার্থ ঘোষ বুধবার তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন।

পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধেই মূলত অভিযোগ তাঁদের। বিদ্রোহী প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের অভিযোগ, এই পানিহাটিতে যিনি বিধায়ক, তিনি পৌর প্রশাসক আবার তার মেয়ে বিদায়ী কাউন্সিলর। সমস্ত দলীয় পদ থেকে শুরু করে প্রশাসনিক পদ সবগুলোই নির্মল ঘোষের পরিবারের সদস্যরা অলংকৃত করে রেখেছেন। এলাকার কোনও কাজ দলের অন্য কাউন্সিলরদের দিয়ে তিনি করাতে চান না। জেলা ও রাজ্য তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে জানিয়েও কোনো কাজ হয়নি। চার-পাঁচজন বিদায়ী তৃণমূল কাউন্সিলর দলীয় শীর্ষ নেতৃত্বের কাছে এবং দলনেত্রীর কাছে চিঠি দিয়ে জানিয়েছিলেন এই বিষয়টি, কিন্তু তাতে কোনও কাজ হয়নি। পানিহাটির আপামর জনসাধারণ চাইছেন এই পরিবার তন্ত্রের অবসান হোক।

বিদ্রোহী প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কৌশিক চ্যাটার্জি দাবি করেন, “যারা এখনো দলে আছে, তারাও কিন্তু ভেতরে ভেতরে অন্য জায়গায় যোগাযোগ রেখেছেন। ব্যালটের মাধ্যমে তৃণমূল কর্মীরা দলকে বুঝিয়ে দেবে তারা নির্মল ঘোষের প্রতি কতটা অসন্তুষ্ট।”

পানিহাটি পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর কৌশিক চ্যাটার্জি বলেন, বিরোধীদলগুলো থেকে তাদের কাছে প্রস্তাব আসছে কিন্তু এখনো কোথায় যাবেন সিদ্ধান্ত নেননি। শীঘ্রই সিদ্ধান্ত নেবেন তারা কোন দলে যোগ দেবেন।

অপরদিকে তৃণমূল শীর্ষ নেতৃত্বের দাবি, তাদের হাতে এখনো পানিহাটির কোনও বিদ্রোহী প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের কোনও চিঠি এখনো এসে পৌঁছয়নি, তবে যদি কোনো ক্ষোভ থেকে থাকতো আগেই বলার দরকার ছিল, ভোটের আগে দলকে বদনাম করে অন্য দলে যাওয়াটাই তাদের উদ্দেশ্য।

পূর্ব পানিহাটি শহর তৃণমূল সভাপতি সম্রাট চক্রবর্তী বলেন, “যে ৩ জন বিদায়ী তৃণমূল কাউন্সিলর দল ছেড়ে দিচ্ছে, তারা আগে থেকেই বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছিল। ওই ৩ কাউন্সিলর ছেড়ে গেলেও দলে কোনও প্রভাব পড়বে না। ওদের জনভিত্তি নেই। তৃণমূল প্রার্থী নির্মল ঘোষের জয় নিশ্চিত। তিনি বিপুল ভোটে জিতবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *