আমাদের ভারত, পূর্বমেদিনীপুর, ২ আগস্ট : মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিনজন, আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। নন্দকুমার থানার ঠেকুয়া-ছয়ফুকার রোডের কাঁটাপুকুর এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে জানা গেছে একটি বাইকে চারজন ছিল। কারোরই মাথায় হেলমেট ছিল না। গতকাল রাত ২টো নাগাদ ঘটনাটি ঘটেছে। বাইকটি প্রবল গতিতে এসে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিনজন এর মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় একজনকে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল স্থানীয় এক প্রতিবেশীর মৃতদেহ সৎকার করতে গিয়েছিলে এই চার যুবক। রাত প্রায় দুটো নাগাদ মৃতদেহ সৎকার করে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেল গতি বেশী ছিল এবং কারো মাথায় হেলমেট না থাকার কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিনজনের। দুর্ঘটনার পর গুরুতর আহত এবং মৃত প্রায় ওই তিনজনকে খেজুরবাড়িয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর গুরুতর আহত একজনকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে হাসপাতালে। তাঁর মাথায় ও হাতে গুরুতর চোট রয়েছে। নন্দকুমার থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত করে দেখছে এবং মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত এবং আহত যুবকদের প্রত্যেকে আশেপাশের গ্রামের বাসিন্দা।

