সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৭ অক্টোবর: বড়সড় ডাকাতির ছক বানচাল করল বাগদা থানার পুলিশ। গ্রেফতার করা হল তিন দুষ্কৃতীকে। রবিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার বাগদা থানার বাকসা হাই স্কুলের খেলার মাঠ চত্বর থেকে গ্রেফতার করা হয় তাদের। উদ্ধার করা হয়েছে ভোজলি, চপার, ছুরি, তালা ভাঙ্গার রড সহ আরও সামগ্রী। ধৃতরা ডাকাতির কাজে এগুলি ব্যবহার করত বলে অনুমান পুলিশের। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বিজয় ঢালি, নিশিকান্ত মল্লিক ও সুমন্ত হালদার।

পুলিশ সূত্রের খবর, এদিন গোপন সূত্রে খবর আসে বেশ কিছু যুবক বাকসা হাই স্কুলের খেলার মাঠ এলাকায় একটি অন্ধকার জায়গায় জড়ো হয়েছে। তাদের হাতে ধারালো অস্ত্র রয়েছে। এই খবরের ভিত্তিতে বাগদা থানার পুলিশের একটি দল সেখানে যায়। জড়ো হওয়া তিন দুষ্কৃতীদের আটক করে। তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ভোজলি, চপার, ছুরি, তালা ভাঙ্গার রড সহ আরও সামগ্রী। যদিও সুযোগ বুঝে তাদের মধ্যে কয়েক জন পালিয়ে যায়। পুলিশ গ্রেফতার করে তিন জনকে। বাজেয়াপ্ত করা হয় অস্ত্রশস্ত্র।
পুলিশি জেরায় ধৃতরা স্বীকার করেছে, তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। ডাকাতি করার ছক ছিল তাদের। ধৃত তিন দুষ্কৃতীকে সোমবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

