আমাদের ভারত, মালদা, ১৭ সেপ্টেম্বর: মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৫ জন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এই শিশু মৃত্যুর ঘটনায় মালদা মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মৃত শিশুর পরিবারের লোকেরা। যদিও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এদিন ওই শিশুটি সঠিক কি কারণে মারা গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম মঙ্গল ডোম, বয়স ৮ মাস। বুধবার জ্বর এবং শ্বাসকষ্ট জনিত কারণে ওই শিশুকে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করেন তার পরিবারের লোকেরা। মৃত শিশুর বাড়ি মালদা শহরের দক্ষিণ বালুচর এলাকায়। বৃহস্পতিবার সকাল ছ’টা নাগাদ মৃত্যু হয় ওই শিশুর।
এদিকে মৃত শিশুর বাবা অক্ষয় ডোম এবং মা রূপা ডোম বলেন, বুধবার শ্বাসকষ্ট এবং জ্বর নিয়ে ছেলেকে ভর্তি করানো হয়েছিল মালদা মেডিক্যাল কলেজে। কিন্তু ভর্তির পর ঠিকভাবে ছেলের চিকিৎসা হয়নি। মেডিকেল কলেজের শিশু বিভাগে প্রচুর এরকম শিশু ভর্তি রয়েছে। এক একটি বেডে তিন থেকে চারজন করে শিশুকে রাখা হয়েছে। চরম অব্যবস্থার মধ্যে শিশুদের চিকিৎসা চলছে। বুধবার রাত থেকেই ছেলের শারীরিক অবস্থার অবনতি হয়। তখন থেকে আমরা চিকিৎসকদের ছেলেকে দেখার জন্য বারবার অনুরোধ করেছিলাম। কিন্তু ছেলের ঠিকমতো চিকিৎসা হয়নি। এরপরই এদিন সকালে ছেলের মৃত্যুর কথা জানিয়ে দেয় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
এদিকে মালদা মেডিক্যাল কলেজে শিশু মৃত্যুর ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে চিকিৎসারত শিশুর অভিভাবকদের মধ্যে। অনেকেই বলছেন, শিশু বিভাগে গাদাগাদি করে অসুস্থ শিশুদের রাখা হয়েছে। ঠিকমতো চিকিৎসা পরিষেবা মিলছে না।
মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর পার্থপ্রতিম মুখার্জি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় তিন জন শিশুর মৃত্যুর খবর জানতে পেরেছি। এসব শিশুদের জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্টের উপসর্গ রয়েছে। যদিও এব্যাপারে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যথেষ্ট সচেতন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই আছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি ওই শিশুটিকে খুব খারাপ অবস্থায় নিয়ে এসে মেডিকেল কলেজে ভর্তি করেছিলেন তাদের অভিভাবকেরা। শেষ চেষ্টা করেও ওই শিশুটিকে বাঁচানো যায়নি। এখনো পর্যন্ত মালদা মেডিকেল কলেজে ৫০ থেকে ৬০ জন শিশু ভর্তি রয়েছে। তবে এই পরিস্থিতিতে শিশু বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল কলেজে বৃহস্পতিবার বিকালে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞদের একটি টিম গঠন করা হচ্ছে। যারা প্রতিনিয়ত শিশু বিভাগের মনিটারিং করবে। তবে মালদা মেডিক্যাল কলেজের শিশু বিভাগের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুদের মধ্যে এই ধরনের জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট দেখা যায়। মেডিকেল কলেজে ভর্তি হওয়া শিশুদের সঠিকভাবেই চিকিৎসা পরিষবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
মালদা মেডিকেল কলেজে শিশু মৃত্যু নিয়ে সাংবাদিক সম্মেলন মেডিকেল কলেজের অধ্যক্ষ এমএসভিপি ও পেডিয়াট্রিক বিভাগের প্রধান চিকিৎসক সাংবাদিক সম্মেলন করে জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখানে কোনও অজানা জ্বরের সন্ধান পাওয়া যায়নি। উপস্থিত ছিলেন অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়, এমএসভিপি পুরঞ্জয় সাহা ও পেডিয়াট্রিক বিভাগের প্রধান চিকিৎসক সুষমা সাও।
পেডিয়াট্রিক বিভাগের প্রধান চিকিৎসক সুষমা সাও বলেন, মালদা মেডিক্যালে ১৬৪ জন শিশু ভর্তি রয়েছে। ১০ জনের অবস্থা আশঙ্খাজনক। তবে যে শিশুগুলির মৃত্যু হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। যে তিনজনের মৃত্যু হয়েছে তাদের আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয়েছিল। সেই কারণেই তাদের মৃত্যু হয়েছে। তবে আতঙ্কের কোনও কারণ নেই।

