সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ আগস্ট: ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে চলা আন্তর্জাতিক বাইক পাচার চক্রের এক পাণ্ডা সহ ৩ জন পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে গোবরডাঙ্গা থানার পুলিশ স্থানীয় শ্মশান রেলব্রিজের কাছ থেকে তাদের গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মনোজিৎ বিশ্বাস, উৎপল দাস ও সুকান্ত রায়। ধৃত তিন বাইক পাচারকারী বনগাঁ, ঠাকুরনগর ও চাঁদ পাড়ার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে ৯টি নম্বরহীন চোরাই বাইক উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এদিন রাতে গোবরডাঙ্গা থানার ওসি কাজল ব্যানার্জির কাছে গোপন সূত্রে খবর আসে তিনজন যুবক একটি নম্বরহীন বাইক নিয়ে শ্মশানের রেল ব্রিজের কাছে ঘোরাঘুরি করছে। গোবরডাঙ্গা থানার পুলিশের একটি দল হানা দেয় গোবরডাঙ্গার শ্মশানের রেল ব্রিজ চত্বরে। এরপরই তাদের আটক করে। নম্বরহীন বাইক দেখে পুলিশের সন্দেহ হয়। জিজ্ঞাসা বাদ করতেই তারা স্বীকার করে চুরির ঘটনা। এরপর ওই তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, ধৃতেরা রাস্তায় থাকা নম্বরহীন বাইক টার্গেট করত। নম্বরযুক্ত বাইকও তারা চুরি করত। চুরি করে প্রথমেই বাইকগুলির থেকে নম্বর তুলে দিত। যাতে কেউ নিজের বাইক চিনতে না পারেন।

তদন্তকারীরা জানিয়েছেন, চুরি করা বাইক তারা স্বরূপনগরের হাকিমপুর ও বনগাঁ সীমান্ত দিয়ে পাচার করত। বাংলাদেশ থেকে পাচারকারীরা এসে তাদের কাছ থেকে বাইক নিয়ে যেত। একটি বাইক বিক্রি করে ৩০ হাজার টাকা পেত। ধৃতদের সোমবার বারাসত জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, মনোজিৎ বিশ্বাসের কাছে বিভিন্ন চাবি থাকে। সেই চাবি দিয়ে বাইকের লক খুলে বাইক নিয়ে পালায়। চুরি করা বাইক সীমান্ত এলাকায় গোপনে রেখে দিত। পরে সুযোগ বুঝে পাচার করত। বাংলাদেশে এ দেশের বাইকের ভাল চাহিদা আছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লকডাউনের জেরে সীমান্তে বিএসএফ ও পুলিশ কড়া নজরদারি চালাচ্ছে। ফলে গরু পাচার ও দু’দেশের মধ্যে বেআইনি মানুষ পারাপার কার্যত বন্ধ। তাই বেড়েছে বাইক পাচার।আংরাইল, হাকিমপুর ও বাগদার সীমান্ত দিয়ে বাইক পাচার শুরু হয়েছে। সম্প্রতি বনগাঁ, বসিরহাট, বারাসত মহকুমাতে বাইক চুরির একাধিক ঘটনা ঘটেছে।

