জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ জুলাই: বুধবার সকালে জেলা পুলিশ ও আবগারি দপ্তর ঘাটালের বেশ কয়েকটি চোলাই মদ তৈরির ঠেকে অভিযান চালিয়ে তিন জন অবৈধ কারবারিকে গ্রেফতার করেছে। চোলাই তৈরীর কাঁচামাল সহ কয়েকশো লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে।

দীর্ঘদিন ধরে ঘাটাল থানার ইড়পালা হরিশপুর এলাকায় অবৈধভাবে চোলাই তৈরি হওয়ায় আবগারি দপ্তর ও পুলিশের পক্ষ থেকে অবৈধ কারবারিদের একাধিকবার সচেতন করা হয়েছিল। তাতে কাজ না হওয়ায় বুধবার সকালে এলাকাগুলিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ছিলেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী, জেলার ডেপুটি এক্সাইজ কালেক্টর সুপ্রজিত হীরা সহ ঘাটাল থানার পুলিশ বাহিনী। উদ্ধার হওয়া কয়েকশো লিটার মদ ও মদ তৈরির কাঁচামাল নষ্ট করে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে চোলাই তৈরীর সরঞ্জাম।


