লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে গিয়ে মহিষাদলে ৬ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও ২৬ হাজার টাকা

আমাদের ভারতের, পূর্ব মেদিনীপুর, ১৭ সেপ্টেম্বর:
৫০০ টাকা পেতে গিয়ে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোয়া গেল ৫০০০ টাকা। সরকারি প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের ৫০০ টাকা পাওয়ার জন্য আবেদন করে নিজেদের অ্যাকাউন্ট থেকে ৫০০০ টাকা খোয়া যাওয়ার মত চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মহিষাদল ব্লকের এক্তারপুরে। এলাকার একই পরিবারের ছ’জন মহিলার অ্যাকাউন্ট থেকে পাঁচজনের ৫০০০ টাকা করে আর একজনের ১৫০০ টাকা মোট ২৬৫০০ টাকা খোয়া গেছে।

অভিযোগ, গত ১৫ সেপ্টেম্বর মহিষাদল ব্লকের এক্তারপুর এলাকার দুয়ারে সরকারের শিবির হয়েছিল। সেই শিবিরে জানা পরিবারের পাঁচ মহিলা তাদের লক্ষ্মীর ভান্ডারের দুটি ম্যাসেজ কেন ঢুকছে না জানতে যায়। সেখানে তাদের নাম ও ফোন নম্বর নেওয়া হয়। পরের দিন অর্থাৎ ১৬ সেপ্টেম্বর বাড়িতে গিয়ে কাগজপত্র নেওয়ার পাশাপাশি আঙুলের ছাপ নেয়। পরে দেখা যায় তাদের অ্যাকাউন্ট থেকে ৫০০০ করে টাকা কেটে নেওয়া হয়ছে। অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে জানতে পেরে বিষয়টি মহিষাদল থানায় তারা জানায়। পুলিশ ঘটনার তদন্তে নেমে মহিষাদলের গোপালপুরের বাসিন্দা তুষার অধিকারী নামে এক যুবককে আটক করে।

মহিষাদল থানার ওসি স্বপন গোস্বামী জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মহিষাদল পঞ্চায়েত সমিতি বিডিও যোগেশ চন্দ্র মন্ডল জানান, ঘটনার খবর পেয়েছি। অভিযুক্তের সাথে আমাদের কোনও সম্পর্ক নেই। পুলিশ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান। আমরা সরকারি নিয়ম মেনেই দুয়ারে সরকারের শিবির ১৫ সেপ্টেম্বর শেষ করেছি। এই ঘটনার সাথে আমাদের কোনও সম্পর্ক নেই।

বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল নেতা কর্মীরা দুয়ারে সরকারের ক্যাম্পে অংশ নিয়ে গরিব মানুষদের টাকা লুট করছে।

এলাকার বিধায়ক ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে বলেন, এটা তৃণমূলের কাজ নয়, এটা একটি চক্রের কাজ, প্রশাসনকে আমরা বলেছি। একজন আটকও হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *