২৬ মার্চ আবার সারা ভারত ধর্মঘটের ডাক কৃষক সংগঠনগুলির

আমাদের ভারত, ১১ মার্চ: সম্প্রতি লোকসভায় পাশ তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ফের দেশজুড়ে ধর্মঘটের ডাক দিল কৃষক-মজুর সংগঠনগুলি। আগামী ২৬ মার্চ আন্দোলনকারী সংগঠনের তরফে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কৃষি আইন প্রত্যাহারের দাবি ছাড়াও পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির এবং রেলের বেসরকারিকরণের বিরোধিতাও এবার আন্দোলনের দাবি সনদ এনেছেন কৃষকরা।

কৃষক নেতা বুটা সিং বুর্জগিল জানিয়েছেন, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি এবং দেশে রেলের বেসরকারিকরণের বিরোধিতায় আগামী ১৫ মার্চ দেশজুড়ে বিক্ষোভ প্রদর্শন করা হবে। এই আন্দোলনে যুক্ত হবেন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও।

সিংঘু সীমান্তে অবস্থানকারী কৃষকদের সমাবেশে তিনি বলেন, ধর্মঘটের আগে ১৯ মার্চ দেশজুড়ে মান্ডি বাঁচাও ক্ষেতি বাঁচাও কর্মসূচি পালিত হবে। তার অভিযোগ নয়া কৃষি আইন চালু করে কিষাণ মান্ডি গুলির অস্তিত্ব বিলুপ্ত করে দিতে চাইছে মোদী সরকার।

বুধবার হরিয়ানায় বিজেপির জোট সরকারের বিরুদ্ধে কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাবে যে যে বিধায়করা বিরোধিতায় করেছিলেন তাদের বয়কটের ডাক দিয়েছেন বুটা।

আজ প্রায় চার মাস ধরে বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমায় অবস্থান-বিক্ষোভ চালাচ্ছে রাজস্থান, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা সহ নানা রাজ্যে থেকে আসা কৃষকরা। এর আগে ৮ ডিসেম্বর ভারত জুড়ে ধর্মঘট পালন করেছিল কৃষক সংগঠনগুলি। সেবারের বনধে দক্ষিণ ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে তেমন প্রভাব না পড়লেও কৃষক নেতার দাবি আগামী ২৬ মার্চ সর্বাত্মক ধর্মঘট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *