আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৮ এপ্রিল: মুর্শিদাবাদ জেলার সালারে বিধানসভা নির্বাচনের আগে ২৬টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। রবিবার দুপুরে বোমা নিষ্ক্রিয় করল পুলিশ প্রশাসন।
শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সালার থানার পুলিশ কাগ্রাম অঞ্চলের বহড়া গ্রাম থেকে ২৬টি তাজা বোমা উদ্ধার করে। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে। সালার থানার ওসি ইন্দ্রনীল মহান্তর নেতৃত্ব বোমা উদ্ধারের পর রবিবার দুপুরে সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াডে খবর দেয়।
সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড বোমাগুলো উদ্ধার করে সেগুলোকে নিস্ক্রিয় করে। তবে কে বা কারা কোন উদ্দেশ্য এই বোমাগুলো মজুদ রেখেছিল তা এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্তে নেমেছে সালার থানার পুলিশ। যদিও এই ঘটনার জেরে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

