মালদায় কলকাতা গামী ট্রেন থেকে ২৫০টি টিয়াপাখি উদ্ধার

আমাদের ভারত, মালদা, ২০ আগস্ট: ফের ট্রেন থেকে একঝাঁক টিয়া পাখি উদ্ধার। বৃহস্পতিবার রাতে কলকাতা গামী ডাউন যোগবানি এক্সপ্রেস ট্রেনের এস–৩ কামরা থেকে টিয়া পাখি উদ্ধার করল মালদা টাউন জিআরপি।যদিও পুলিশ কামরায় ওঠার আগেই পাচারকারী ট্রেন থেকে নেমে পালিয়ে যায়।

মালদা টাউন স্টেশনের জিআরপি আইসি ভাস্কর প্রধান জানান, বিশেষ সূত্রে টিয়াপাখি পাচারের খবর ছিল। সেইমত জিআরপি পুলিশ কর্মীরা ডাউন যোগবানি এক্সপ্রেস তল্লাশি চালানোর সময় এস–৩ কামরা বাথরুমের পাশ থেকে চারটি খাঁচায় বন্দি থাকা টিয়াপাখি উদ্ধার করে। প্রায় ২৫০ টি টিয়া পাখি উদ্ধার করা হয়। এর আগেও জিআরপি পুলিশ যোগবানি ট্রেন থেকে ১৭৫ টি পাখি উদ্ধার করেছিল।

জিআরপি সূত্রে জানাগেছে, পাচারকারীরা পাখিগুলি কলকাতায় বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। উদ্ধার হওয়া টিয়া পাখিগুলি মালদা বনদপ্তর কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *