আমাদের ভারত, ১১ আগস্ট: মাত্র ৫ দিনে ২৪২ জন শিশু করোনা আক্রান্ত ব্যাঙ্গালুরুতে। এই ঘটনা তৃতীয় ঢেউ শুরুর আশঙ্কা কয়েকগুণ বাড়িয়ে দিলো। একই সঙ্গে তৃতীয় ঢেউতে শিশুদের বেশি আক্রান্ত হবার সম্ভাবনার কথা একাংশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন। এই ঘটনা সেই সতর্ক বার্তাকেই রীতিমতো উস্কে দিলো বলে মনে করা হচ্ছে।
কোভিডের তৃতীয় ঢেউতে শিশুরা বেশি করে আক্রান্ত হতে পারে। মাত্র পাঁচ দিনে একসঙ্গে এত শিশু আক্রান্ত হওয়ার ঘটনা সেই সতর্কবার্তাকেই সত্যি করার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকেই। বেঙ্গালুরুর মহানগর পালিকা জানিয়েছেন। আক্রান্ত শিশুদের মধ্যে ১০৬ জনের বয়স ৯ বছরের নিচে। ১৩৬ জনের বয়স ৯-১৯ বছরের মধ্যে। রাজ্য স্বাস্থ্য দপ্তর সতর্কবার্তা দিয়েছে আগামী দিনে এই সংখ্যাটা আরো বাড়তে পারে।
স্বাস্থ্য আধিকারিক জানান আগামী কয়েক দিনের মধ্যেই সংখ্যাটা তিনগুণ হতে পারে। ফলে একটা বড় বিপদের আশঙ্কা করছে রাজ্য প্রশাসন। শিশুদের সংক্রমণ যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তাই রাজ্যবাসীকে প্রয়োজন ছাড়া শিশুদের বাড়ির বাইরে না নিয়ে বেরোতে বারবার পরামর্শ দেওয়া হচ্ছে।
সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে কর্নাটকের রাত্রে এবং সপ্তাহের শেষ দুদিন কারফিউ জারি করা হয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে কর্ণাটক মহারাষ্ট্র এবং কেরল কর্ণাটক সীমান্তে। আরটি পিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে তবেই বাইরের কাউকে রাজ্যে ঢুকতে দেওয়া হচ্ছে। সূত্রের খবর আগামী ১৬ আগস্ট থেকে আংশিক লকডাউন এর পথে হাঁটতে পারে রাজ্য। গত ২৪ ঘন্টায় কর্নাটকে নতুন করে আক্রান্ত হয়েছে ১হাজার ৩৩৮ জন এবং ৩০ জনের করোনায় মৃত্যু হয়েছে।

