পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৫ এপ্রিল: মনোনয়নপত্র জমা দিতে আসার পথেই বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে কর্মী বোঝাই গাড়ি উল্টালো পাগলীগঞ্জে। আহত ২৪ জন তৃণমূল নেতা-কর্মী, তাঁরা চিকিৎসাধীন বালুরঘাট জেলা হাসপাতালে। যাদের মধ্যে আশংকাজনক অবস্থায় রয়েছে প্রায় ১০ তৃণমূল নেতা-কর্মী। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি বালুরঘাটের পাগলীগঞ্জ এলাকায়।

জানা গেছে আজ সকালে বালুরঘাট, তপন, গঙ্গারামপুর ও কুমারগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা করতে বালুরঘাট আসছিলেন। এজন্য শহরজুড়ে একটি মিছিল করবার জন্য বোল্লা ও পতিরাম এলাকা থেকেও ওই পিকয়াপ ভ্যানে করে আসছিলেন বেশকিছু নেতা কর্মী। পথে পাগলীগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারায় পিকআপ ভ্যানটি। উলটে গিয়ে গাড়িতে থাকা সকলেই কম বেশি জখম হন। ঘটনার জেরে বেশকিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে বালুরঘাট -গাজোল ৫১২ জাতীয় সড়ক। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও অনান্য তৃণমূল কর্মীরা তড়িঘড়ি আহতদের নিয়ে আসে স্থানীয় বালুরঘাট হাসপাতালে। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় বালুরঘাট থানার বিরাট পুলিশ বাহিনী। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছেন অনেক তৃণমূল নেতা।

