সাথী দাস, পুরুলিয়া, ৬ জুলাই: পুরুলিয়া শহরের একটি বাড়ি থেকে প্রচুর পরিমাণে মদ উদ্ধার করল আবগারি দফতর ও পুলিশ। জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে পুরুলিয়া শহরের ভাগা বাঁধ পাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ২২০০ বোতল মদ উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় একজনকে। ধৃতের নাম গৌতম বাউরি। তার বাড়ি মফঃস্বল থানার শিহলি গ্রামে। উদ্ধার হয় বেশ কিছু কাগজ। সব কিছু খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রাজনৈতিক চাপানউতোর দেখা দিয়েছে। তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়ার অভিযোগ, “ওই বাড়িটি বিজেপি বিধায়ক ও তাঁর ভাই পুরুলিয়া পুরসভার কাউন্সিলর ব্যবহার করেন। এটা তাঁরা অস্বীকার করতে পারেন না। ওই মদ ভোটের আগে বিতরণ করতো গ্রামে গ্রামে। এটা ওদের সংস্কৃতি। পঞ্চায়েত ভোটের আগে বিলি করার জন্য এই মদ জড়ো করা হয়েছিল।”
এই ঘটনায় পুরুলিয়ার দলের বিধায়ক সুদীপ মুখার্জির নাম জড়ানোর চেষ্টাকে প্রতিবাদ জানান বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙা। তিনি বলেন, “তৃণমূল পঞ্চায়েত ভোটে হারবে বলেই পুলিশকে দিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এইভাবে বিজেপিকে আটকানো যাবে না।”
বিধায়ক সুদীপ মুখার্জি বলেন, “ওই বাড়িটি আমার নয়। কে কোথায় কী করছে তার দায় আমি কেন নেব। মদ বিতরণ করার মতো আমাদের টাকা নেই। আমাকে কলুষিত করার জন্য পুলিশকে দিয়ে এই সব কাজ করাচ্ছে তৃণমূল।”

