২২ জানুয়ারি রাজ্যের চার পুরোনিগমে ভোট, ঝুলে থাকল হাওড়ার ভাগ্য

আমাদের ভারত, ২৭ ডিসেম্বর: টানাপোড়েনের মধ্যেই রাজ্যের ৪ পুরনিগমের ভোটের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়িতে জানুয়ারির ২২ তারিখে ভোট হবে। গণনা হবে ২৫ জানুয়ারি। তবে হাওড়ার ভোট নিয়ে কমিশনের তরফে কোনো সিদ্ধান্তে কথা জানানো হয়নি।

রাজ্য নির্বাচন কমিশন আদালতে জানিয়েছিল আগামী বছরের মে মাসের মধ্যে রাজ্যের বাকি থাকা পৌরসভাগুলোতে ভোট তারা সেরে ফেলবেন। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ছয় থেকে আট দফায় ভোট করা হবে বলে তারা জানিয়েছিলেন। সেই মতই রাজ্যের চারটি পুরো নিগমের দিনক্ষণ ঘোষণা করলো রাজ্য নির্বাচন কমিশন।

সোমবার সাংবাদিক বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করে ২২ জানুয়ারি ভোট হবে রাজ্যের চারটি পৌরনিগমের‌ বিধান নগরের ৪১ টি ওয়ার্ডে, চন্দননগরের ৩৩টি ওয়ার্ডে, আসানসোলে ১০৬টি এবং শিলিগুড়িতে ৮৭ টি ওয়ার্ডের ভোট হবে। ২৮ ডিসেম্বর থেকেই মনোনয়ন পেশ শুরু হবে। মনোনয়নের শেষ তারিখ ৩ জানুয়ারি। ২৭ডিসেম্বর থেকেই আদর্শ আচরণবিধি জারি হয়ে গেল।

তবে এই পুরো নির্বাচনগুলিতে রাজ্য পুলিশ না কেন্দ্রীয় বাহিনী দায়িত্বে থাকবে তা এখনও জানা যায়নি। কিন্তু প্রতিটি বুথে সিসিটিভি থাকবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে।

প্রসঙ্গত উল্লেখ্য পুরভোট নিয়ে সোমবার দুপুরে একটি সর্বদল বৈঠক ডেকেছিল রাজ্য নির্বাচন কমিশন। সেখানে শাসক ও বিরোধী উভয় দলই গিয়েছিল। তবে বৈঠক শুরু হবার আগেই ঘটনাস্থল থেকে বেরিয়ে যান বিজেপি প্রতিনিধিরা। পরবর্তীতে বাম ও কংগ্রেসের প্রতিনিধিরাও বৈঠক ছেড়ে চলে যান। জানা গেছে পুরনির্বাচনের তালিকায় হাওড়ার নাম না থাকার কারণেই তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *