কেশিয়াড়ি ব্যবসায়ী সমিতির ২১তম সম্মেলন

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ নভেম্বর: ট্রেড লাইসেন্সে হয়রানি বন্ধ সহ একাধিক দাবি নিয়ে ২১তম সম্মেলন করল কেশিয়াড়ি ব্যবসায়ী সমিতি। শুক্রবার কেশিয়াড়ির রবীন্দ্র ভবনে সম্মেলন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। রবীন্দ্র ভবন থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে কেশিয়াড়ি বাজার এলাকা ঘুরে ফের রবীন্দ্রভবনে এসে শেষ হয়।

২১তম বার্ষিক সম্মেলনের স্মরনিকা প্রকাশের মধ্য দিয়ে সভার সূচনা হয়। স্মরনিকা প্রকাশ করেন কেশিয়াড়ি থানার আইসি উদয়শংকর মন্ডল। সম্মেলনে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নানান দাবি দাওয়া ও ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন বক্তারা। নাচ, গান, আবৃত্তি সহ সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নেয় পড়ুয়ারা। সম্মেলন থেকে দাবি ওঠে নিকাশী ও আলোর ব্যবস্থা করতে হবে। কেশিয়াড়িতে তেমনভাবে আলোর ব্যবস্থা নেই এবং নিকাশী ব্যবস্থারও সমস্যা রয়েছে বলে জানান ব্যবসায়ী সংগঠক তপন কুমার দাস। ব্যবসায়ী সমিতি প্রাকৃতিক দুর্যোগে, কোভিড পরিস্থিতিতে মানুষের পাশে থেকেছে বলে জানান ব্যবসায়ী রাজু চন্ডক। কোভিড পরিস্থিতিতে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা যাতে ঋণ পেতে পারেন এবং ক্ষুদ্র ব্যবসায়ী সহ সকলেই যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারেন সেই দাবিও জানানো হয়েছে। সম্প্রতি বন্যা পরিস্থিতিতে সবং সহ বিভিন্ন কবলিত এলাকায় ত্রাণ পাঠানো সহ নানান সামাজিক বিষয়ে সারা বছরই তারা মানুষের পাশে থাকার বার্তা দেন। রাস্তার ওপরে কেশিয়াড়িতে হাটের দিনগুলিতে ব্যাপক যানযটের সমস্যা হয়। যাতে পুনর্বাসনের মধ্যে দিয়ে দোকানগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোকপাত করেন
আইসি উদয়শংকর মন্ডল।

এদিনের সস্মেলনে কেশিয়াড়ি থানার আইসি উদয়শঙ্কর মন্ডল ছাড়াও উপস্থিত ছিলেন বিডিও বিপ্লব দত্ত, ফেডারেশন অফ অল ইন্ডিয়া ব্যাপার মন্ডলের সেক্রেটারি চন্দন রায়, সাউথ বেঙ্গল ট্রেডার্স অ্যাসোসিয়েশেনের সেক্রেটারি রাজু চান্ডক, কেশিয়াড়ি ব্যাবসায়ী সমিতির সভাপতি দিলীপ কুমার সুর, সম্পাদক অনন্ত দাস, কেশিয়াড়ি ব্যাবসায়ী সমিতির সদস্য তপন দাস সহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *