আর মিষ্টি বা লাড্ডু খাইয়ে নয়, মাস্ক না পরায় বনগাঁয় গ্রেফতার ২১

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ২৮ এপ্রিল: করোনা আবহের শুরুর দিকে মিষ্টি বা লাড্ডু খাইয়ে মানুষকে সচেতন করেছিল পুলিশ প্রশাসন। করোনার দ্বিতীয় ঢেউতে আর মিষ্টি বা লাড্ডু দিয়ে নয়, মুখে মাস্ক না পরে বাজারে বেরলেই গ্রেফতার। এমন ভাবেই সচেতন শুরু করেছেন বনগাঁ থানার পুলিশ। বুধবার বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক অশেষ বিক্রম দস্তিদারের নেতৃত্বে বনগাঁ শহরে অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করে।

এপ্রিলের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের 
পাশাপাশি উত্তর ২৪ পরগনায় করোনা সংক্রমণ
বৃদ্ধি পেতে শুরু করেছে।বর্তমানে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ।বনগাঁ মহকুমা, হাবড়া, বসিরহাট, বারাসাত সহ বিভিন্ন এলাকায় প্রতিদিন দ্রুত গতিতে সংক্রমণ বেড়েই 
চলেছে। ইতিমধ্যে বেশ কিছু মানুষের মৃত্যুও হয়েছে। অন্য দিকে ভ্যাকসিনেও সঙ্কট দেখা দিয়েছে বিভিন্ন হাসপাতালে। তবুও মানুষ সচেতন নয়। 

বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক অশেষ বিক্রম দস্তিদার বলেন, গত কয়েকদিন ধরে মাইকিং করে মানুষকে অনুরোধ করেছি মাস্ক পরার জন্য। আজ থেকে মাস্ক না পরে রাস্তায় বেরলেই গ্রেফতার করা হচ্ছে। ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, করোনার শুরুতে মানুষকে মিষ্টি বা লাড্ডু খাইয়ে সচেতন করেছিলাম। কিন্তু সেই ভাবে মানুষ সচেতন হয়নি। এবারে মাস্ক না পরে রাস্তায় বেরলেই গ্রেফতার করা হবে বলে জানালেন অশেষ বিক্রমবাবু।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *