রাজেন রায়, কলকাতা, ১২ ডিসেম্বর: খড়্দহ উপনির্বাচনের আগে ধরা পড়েছিল এক বাংলাদেশি। তৃণমূল বিদেশ থেকে লোক এনে গন্ডগোল পাকানোর চেষ্টা করে ভোটে, এমন অভিযোগ আগেই তুলেছিল গেরুয়া শিবির। এবার ফের পুরভোটে সপ্তাহ খানেক আগে শহরে আটক ২১ বাংলাদেশি।
জানা গিয়েছে, মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাদের সন্ধান পায় পুলিশ। রবিবার কলকাতার আনন্দপুর এলাকা থেকে এই বাংলাদেশিদের আটক করা হয়েছে। আর কলকাতা পুলিশের সাহায্য নিয়ে তাদের আটক করেছে লখনউ এটিএস।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনন্দপুর থানা এলাকার গুলশন কলোনি এলাকা থেকে ২১ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাদের আটক করে পুলিশ। কবে, কী কারণে তারা কলকাতায় আসে, কেন এসেছে এ নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জানা যাচ্ছে, ২১ জনের কাছ থেকে যে নথি পাওয়া গিয়েছে, তার অধিকাংশই ভুয়ো। তাছাড়া এ দেশে আসার কারণ সম্পর্কে কোনও সদুত্তর দিতে পারেনি তারা। একটি মামলার প্রেক্ষিতে কলকাতায় এসেছে লখনউ এটিএস। তারা তদন্ত প্রক্রিয়ার জন্য কলকাতা পুলিশের সাহায্য চায়। কলকাতা পুলিশের গোয়েন্দাদের নিয়ে তারা গুলশন কলোনিতে অভিযান চালায়। সেখান থেকেই আটক হয় এই ২১ বাংলাদেশি।

