রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে ২ হাজারের বেশি মহিলা আইনজীবী চিঠি দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে

আমাদের ভারত, ২৫ মে:২ মে রাজ্যে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই দিকে দিকে হিংসা খবর মিলেছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে একাধিক জাতীয় কমিশন। রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলগুলি। উদ্বিগ্ন রাজ্যপাল ছুটে গেছেন অভিযোগ আসা রাজ্যের বিভিন্ন জায়গায়। এবার ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রমনার কাছে অভিযোগ জানালেন দেশের দুই হাজারের বেশি মহিলা আইনজীবী। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে।‌ এই পরিস্থিতিতে এবার দেশের মহিলা আইনজীবীরাও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে চাইলেন।

ইতিমধ্যেই সুপ্রিমকোর্ট রাজ্যে ঘটে যাওয়া ভোট পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। এরমধ্যে বাংলা নিয়ে প্রধান বিচারপতিকে চিঠি লিখে অভিযোগ জানালেন দেশের ২০৯৩ জন মহিলা আইনজীবী। তাদের অভিযোগ, গত ২মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। এখনো পর্যন্ত বর্তমান পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। সেই কারণেই প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করতে তারা এই চিঠি দিচ্ছেন। আইনজীবীদের তরফে দাবি করা হয়েছে বিষয়টিতে স্বতঃপ্রণোদিত ভাবে পদক্ষেপ করা হোক শীর্ষ আদালতের তরফে।

দিন কয়েক আগে পশ্চিমবঙ্গের জরুরি অবস্থা জারির আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা রুজু হয়েছিল সুপ্রিম কোর্টে। অন্যদিকে রাজ্যে ভোট-পরবর্তী হিংসা তদন্তের জন্য সিট গঠনের আর্জি জানিয়ে রাষ্ট্রপতি দ্বারস্থ হয়েছেন ১৪৬ জন বিশিষ্টজন। এবার পরবর্তী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সিজিআই-এর কাছে অভিযোগ জানালেন মহিলা আইনজীবীরা।
তারাও বাংলার ভোট পরবর্তী হিংসার ঘটনায় দ্রুত সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন। সিট গঠন করে সর্বোচ্চ আদালতে তত্ত্বাবধানে গোটা বিষয়টি নিয়ে দ্রুত তদন্ত চেয়েছেন। চিঠিতে অভিযোগ করা হয়েছে দুষ্কৃতীদের সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশ হাত মিলিয়ে চলছে। তাই রাজ্যে সুবিচার তো দূরের কথা একটি হিংসাত্মক ঘটনা অভিযোগ দায়ের করা সম্ভব হচ্ছে না। বলা হয়েছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে সিট গঠন করা হোক। তারাই গোটা পরিস্থিতি তদন্ত করার পাশাপাশি ঘটনার এফআইআর দায়ের করবে। তার জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করার দাবি জানিয়েছেন এই মহিলা আইনজীবীরা। তাদের দাবি পশ্চিমবঙ্গ পুলিশের বাইরে অন্য রাজ্য থেকে একজন উচ্চপদস্থ পুলিশকর্তাকে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হোক। যিনি বাংলায় সর্বত্র আলাদাভাবে ঘুরে ঘুরে ভোট-পরবর্তী হিংসার ঘটনা যাবতীয় অভিযোগ নথিভূক্ত করবেন। একইসঙ্গে তাদের দাবি এই ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা তদন্তের পর তার বিচার প্রক্রিয়ার জন্য বিশেষ ফার্স্ট ট্র্যাক কোর্ট গঠন করা হোক। তবে একমাত্র পশ্চিমবঙ্গ হিংসায় শিকার যারা, তারা দ্রুত সুবিচার পাবে। একইসঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিকে ডেকে গোটা ঘটনার ব্যাখ্যা চাওয়ার জন্যেও প্রধান বিচারপতিকে অনুরোধ করেছেন মহিলা আইনজীবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *