পুরুলিয়া ২ ব্লকের কুষ্টুকা প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল খাওয়ায় পর অসুস্থ ২০ জন পড়ুয়া

সাথী দাস, পুরুলিয়া, ৩ আগস্ট: মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ল পুরুলিয়া ২ ব্লকের কুষ্টুকা প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন পড়ুয়া। এদের মধ্যে তিন জন গুরুতর অসুস্থ রয়েছে। তারা কুস্তাউর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।

গতকাল দুপুরে ওই স্কুলে মিড ডে মিল খায় প্রায় শতাধিক পড়ুয়া। বিকেল থেকে কয়েকজন অসুস্থ বোধ করে। কয়েকজন বমি করে। পেট ব্যাথা হয় কয়েকজন পড়ুয়ার। এর পরই এই আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যান্য পড়ুয়াদের মধ্যে। রাতে পরিস্থিতির অবনতি হয়। সকাল হতেই অসুস্থ ছেলে মেয়েদের চিকিৎসার জন্য কুস্তাউর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান বাড়ির লোকজন।

ঘটনার খবর ছড়িয়ে পড়ে অন্যান্য পড়ুয়াদের অভিভাবকদের কাছে। আজ তাঁরা স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, প্রধান শিক্ষক জেনে বুঝে টিকটিকি পড়া খাবার পড়ুয়াদের খাইয়েছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেন প্রধান শিক্ষক হামিদ আনসারি। তিনি বলেন, “ওই রকম কোনও ঘটনা ঘটেনি। সহ শিক্ষকরাও ছিলেন সেখানে।”

এদিকে ঘটনার খবর পেয়ে অসুস্থদের খোঁজ খবর নিতে হাসপাতালে পৌঁছান পুরুলিয়া ২ ব্লকের বিডিও দেবজিত রায়, পুরুলিয়া মফঃস্বল থানার আই সি সঞ্জয় চক্রবর্তি। পরিদর্শনের পর বিডিও বলেন, “গতকাল মিড ডে মিল খাওয়ায় পর কিছু বাচ্ছা অসুস্থ হয়ে পড়ে। রাতে কয়েকজন বমি করে। পাতলা পায়খানা হয়। রাতে অবস্থার অবনতি হওয়ায় ২০ জন পড়ুয়া হাসপাতালে রয়েছে। এদের মধ্যে তিন জনকে স্যালাইন দেওয়া হয়েছে। আশাকরি রাতের মধ্যে সবাই সুস্থ হয়ে উঠবে। আমরা স্কুলে ও গ্রামে গিয়ে ঘটনার তদন্ত করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *