ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে ইলামবাজারে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ২০

আমাদের ভারত, বীরভূম, ১৪ ডিসেম্বর: ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে আহত বেশ কয়েকজন। ইলামবাজার থানার অন্তর্গত নৃপতি গ্রাম ও পাইকুনি গ্রামের মধ্যে ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে বচসা বাধে। নৃপতি গ্রামের লোকজনদের মারধরের অভিযোগ ওঠে পাইকুনি গ্রামের বেশকিছু যুবকের বিরুদ্ধে।

নৃপতি গ্রামের মানুষরা জানান, তাদের লাগানো ধান পাইকুনি গ্রামের কিছু ছাগল এসে খেয়ে নিচ্ছিল তাই তারা সেই ছাগল বেঁধে রাখে। পরে পাইকুনি গ্রামে মানুষদের ডেকে তারা বিষয়টি জানান এবং সেই ছাগল ফিরিয়ে দেয়। অভিযোগ, তারপরই ওই গ্রাম থেকে বেশ কিছু লোকজন এসে নৃপতি গ্রামের মানুষদের ফসল কেটে ট্রাকটারের চাপিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। নৃপতি গ্রামের মানুষ বাধা দিতে যাওয়ায় তাদেরকে লাঠিসোঁটা ও বেশকিছু ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ নৃপতি গ্রামের বাসিন্দারা।

আহতের সংখ্যা এখনও পর্যন্ত মোট ২০ জন তাদের মধ্যে গুরুতর আহত হয়েছেন ৫ জন। আহতদের মধ্যে যারা গুরুতর আহত হয়েছে তাদেরকে বোলপুরের মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ও তাদের চিকিৎসা চলছে, বাকিরা ইলামবাজার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি আছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় ইলামবাজার থানার পুলিশ। আপাতত গ্রামে পুলিশের টহলদারি চলছে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *