রাজেন রায়, কলকাতা, ৯ সেপ্টেম্বর: একেই বোধহয় বলে রাখে হরি, মারে কে! মাথায় ১টি বুলেট ঢুকলেই মৃত্যু নিশ্চিত যে কোনও মানুষের। সেখানে এ দিন সকালে তার সিটি স্ক্যান রিপোর্ট করতেই দেখা যায়, মাথার খুলিতে আটকে রয়েছে ২০ টি বুলেটের টুকরো। ওই অবস্থাতেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রাধারাণিদেবী।

সোমবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুুুপুরে বাড়িতে ঢুকে বিজেপি মহিলা মোর্চার নেত্রীকে মাথায় গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীর দল। আশঙ্কাজনক অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর, রাধারানির শারীরিক অবস্থা যা তাতে কোনওরকম অস্ত্রোপচার করা এখনই সম্ভব নয়। ফলে নিউরো সার্জারি বিভাগের অধীনে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন রাধারানি। ট্রমা কেয়ার সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে “রেড ইয়েলো” জোনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। পালস রেট ৭০ এবং রক্তচাপও অনেকটাই কম, শরীরে হিমোগ্লোবিনও কম বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। তবে শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে।

বিষ্ণুপুরের কুলেরদাড়ি গ্রাম পঞ্চায়েতের রঘুদেবদেবপুরের বাসিন্দা বিজেপি কর্মী রাধারাণি নস্কর ও তাঁর স্বামী অরুণ নস্কর। জানা গিয়েছে, সোমবার সকালে স্থানীয় পঞ্চানন নস্করের নেতৃত্বে দুষ্কৃতীরা প্রথমে রাধারাণির স্বামীকে খুঁজতে আসে। কিন্তু তাকে না পেয়ে রাধারানি নস্করের উপর চড়াও হয়ে তাকে মারধর করে। আত্মরক্ষার্থে রাধারানি নস্করও পাল্টা ঝাঁটা ছুড়ে মারেন। অভিযোগ, এরপরই দুষ্কৃতীরা রাধারানি নস্করকে গানপয়েন্ট রেখে মাথার পিছনে বাঁদিকে বারবার
গুলি চালায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় রাধারানি নস্কর লুটিয়ে পড়তেই দুষ্কৃতীদের দলটি পালিয়ে যায়।

