ফুলিয়ায় পথ দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আশঙ্কা জনক ১

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২ আগস্ট: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের। একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি শান্তিপুরের ফুলিয়ার উদয়পুর ৩৪ নম্বর জাতীয় সড়কের।

সূত্রের খবর, নদিয়ার ধানতলা থানা এলাকার নতুন চাপড়া এলাকার তিন যুবক একটি বাইকে করে শান্তিপুরে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিল। রাতে বাড়ি ফিরছিল ওই যুবকরা। তখনই শান্তিপুরের ফুলিয়া- উদয়পুর ৩৪ নম্বর জাতীয় সড়কে ঘটে পথ দুর্ঘটনা। ঘটনাস্থলেই প্রবীর রায় নামে এক যুবকের মৃত্যু হয়। ২ যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে সেখানেই রিজাবুল মণ্ডল নামে আরো এক যুবকের মৃত্যু হয়। তবে সত্যজিৎ মন্ডল নামে এক যুবক এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গতকাল রাতেই মৃত প্রবীর রায়ের দেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। মঙ্গলবার মৃতদেহ ময়না তদন্তের জন্য রানাঘাট মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

খবর পাওয়া মাত্রই মৃত প্রবীর রায়ের পরিবারের লোকজন ছুটে আসে শান্তিপুর থানায়। স্বভাবতই ভয়াবহ পথ দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ মৃত যুবকদের পরিবার। তবে কিভাবে এই পথ দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখার চেষ্টা করছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *