আমাদের ভারত, ২১ জুন: কাউকে অর্থ, কাউকে চাকরি কিংবা বিয়ের লোভ দেখিয়ে একের পর ধর্মান্তরকরণ করার অভিযোগে উত্তরপ্রদেশের দুই মৌলানাকে গ্রেপ্তার করেছে এটিএস। এর পেছনে একটা গোটা চক্র কাজ করে বলেও জানা গেছে। দুই মৌলানার বিরুদ্ধে কমপক্ষে ১ হাজার দরিদ্র হিন্দুদের ধর্মান্তরকরণের অভিযোগ রয়েছে। এর মধ্যে বড় সংখ্যায় মূক ও বধির মহিলা, কিশোর, বাচ্চাও রয়েছে।
এমনকি এই কান্ডের সাথে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর যোগ রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
জানা যাচ্ছে, রীতিমতো মগজধোলাই করেই হিন্দুদের ধর্ম পরিবর্তন করানো হতো। এডিজি আইন-শৃঙ্খলা প্রশান্ত কুমার জানান, ধর্ম পরিবর্তন করে এদের কট্টরপন্থার পাঠ দেওয়া হতো। গ্রেপ্তার হওয়ার দুই মৌওলানা দিল্লির বাসিন্দা। দুজনেই জামিয়া নগরের বাসিন্দা। একজনের নাম মুফতি কাজি জাহাঙ্গির, আরেকজন মহম্মদ ওমর গৌতম। জানা যাচ্ছে, এই মহম্মদ ওমর গৌতম আগে হিন্দু ছিলেন, তিনি ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছেন।
দীর্ঘদিন ধরেই উত্তরপ্রদেশ পুলিশের কাছে এই ধর্মান্তরকরণের খবর ছিল। পাকিস্তানের আইএসআই এর মদতে এবং বিদেশি অর্থে দরিদ্র অসহায় হিন্দুদের লোভ দেখিয়ে ধর্মান্তকরণ করা হচ্ছে। শুধু ধর্মান্তকরণ নয় সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর উস্কানিও দেওয়া হচ্ছে।
ধৃত মৌলানা জাহাঙ্গির ও ওমর গৌতম লখনৌ এর বড় বড় মুসলিম সংগঠনে যুক্ত। দেশের সম্প্রীতির পরিবেশ নষ্ট করার কাজে তাদের ব্যবহার করা হয়েছে বলে পুলিশের অনুমান।

