স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ সেপ্টেম্বর: আদিবাসী আশ্রম আবাসিক হোস্টেল থেকে নিখোঁজ দুই ছাত্রের খোঁজ মিলল নদিয়ার তেহট্ট এলাকায়। জানা যায়, এক জন সরকারি চাকরিজীবী ওই দুই ছাত্রকে উদ্দেশ্য বিহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের নাম ঠিকানা জিজ্ঞেস করলে তাঁর সন্দেহ হয়। এরপর ওই ব্যক্তি নিজের উদ্যোগে তাদের খাওয়া-দাওয়া করিয়ে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় পুলিশের হাতে তুলে দেয়। এরপর কোতোয়ালি থানার পুলিশ কৃষ্ণগঞ্জ থানার পুলিশের সাথে যোগাযোগ করে ওই দুই ছাত্রকে তাদের হাতে তুলে দেয়। দুজনকে আজ আদালতে পেশ করল কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

প্রসঙ্গত, সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জ ব্লকের শাকদহ এলাকার আদিবাসী আশ্রম হোস্টেল থেকে পালিয়ে যায় অভি সর্দার (৭) ও দীপ সর্দার (৮) নামের দুই জন ছাত্র। এদের মধ্যে একজনের বাড়ি হাঁসখালি থানা এলাকায়। অপরজন কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনাটি জানতে পেরে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এই দিন তেহট্ট থেকে উদ্ধার হয় নিখোঁজ দুই ছাত্র। নিখোঁজদের নিজেদের হেফাজতে নিয়ে আদালতে পাঠায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

