পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ জুলাই: সবুজায়নের লক্ষ্যে বন মহৎসব উপলক্ষে বড়সড় কর্মসূচি পালন করা হলো খড়্গপুর বন বিভাগের ডিএফও শিবানন্দ রামের নেতৃত্বে। মঙ্গলবার খড়্গপুর বন বিভাগের অধীন বনাঞ্চলে একসঙ্গে মোট দু’লক্ষ পাঁচ হাজার চারাবৃক্ষ রোপণ করা হয় এবং ৬০ হাজার চারা খড়্গপুর বনবিভাগের অন্তর্গত বিভিন্ন ব্লকের বিধায়কদের দেওয়া হয়। বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে এগিয়ে আসেন বন দফতরের কর্মীদের পাশাপাশি আইআইটি খড়্গপুর, সালুয়া ইএফআর, সিআরপিএফ কলাইকুন্ডা এয়ার ফোর্স এবং বিএসএফ কর্মীরা, পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা।

এদিন খড়্গপুর বন বিভাগের নয়াগ্ৰাম, চাদাবিলা, হিজলি, কলাইকুন্ডা, বেলদা, কেশর রেখা, ডেবরা, ঘাটাল রেঞ্জের বিভিন্ন জায়গায় চারাগাছ রোপন করেন বন দফতরের আধিকারিক ও কর্মীরা। পাশাপাশি সিআরপিএফ, বিএসএফ বাহিনীর পাশাপাশি নয়াগ্ৰামে এবং ইএফআর জওয়ানদের পক্ষ থেকে শালুয়া পুলিশ লাইনে বৃক্ষরোপণ করা হয়। জানা গিয়েছে, সবুজায়নের লক্ষ্যে গোটা সপ্তাহ ধরে বন মহৎসবের সূচনা করেছে খড়্গপুর বন বিভাগ। সেই মতো এদিন এই বিশাল পরিমাণে চারাগাছ রোপন করা হয়।

পাশাপাশি ২৩২ নং মহিলা সিআরপিএফ- এর তরফ থেকেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। শালবনীর হেডকোয়ার্টারের বাইরে কয়েকশো চারাগাছ লাগানো হয়। এই কর্মসূচিতে ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট সীমা তলিয়া, সেকেন্ড ইন কমান্ড জি এল ভুটিয়া, ডেপুটি কমান্ড্যান্ট শ্রীমতী সরস্বতী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


