আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১১ অক্টোবর:
মঙ্গলবার সকালে পাঁশকুড়া থানার রাধাবল্লভচক গ্রাম পঞ্চায়েতের সাধুয়াপোতা গ্রামে শ্রীকান্ত ভক্তার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৭ বছর বয়সী একটি ছেলের। আশঙ্কাজনক অবস্থায় শ্রীকান্ত ভক্তার স্ত্রীকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। বিস্ফোরণের ঘটনায় আরো তিন থেকে চার জন আহত হয়।

সূত্রের খবর, শ্রীকান্ত ভক্তা বাইরে থেকে বোমা এনে বাড়িতে মজুদ রাখত এবং বোম বাঁধার কাজ করতো। মঙ্গলবার সকাল দশটা নাগাদ বোমা বাঁধতে গিয়ে বিপত্তি ঘটে। যার ফলে শম্ভু সামন্ত নামে ১৭ বছর বয়সি একটি ছেলে ঘটনাস্থলেই মারা যায়। এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়ায়। পাঁশকুড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


