পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ জানুয়ারি: সোমবার সকালে ডেবরায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপর ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে৷ একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বেশ কয়েকজনকে ধাক্কা দেওয়ায় ২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয় ৫ জন।

জানা গিয়েছে, এদিন সকালে একটি ছোট চার চাকার গাড়ি হলদিয়া থেকে মেদিনীপুর যাওয়ার পথে ডেবরার কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারায়। এরপর রাস্তার পাশে থাকা ব্যক্তিদের ধাক্কা মেরে একটি বন্ধ থাকা মুরগির দোকানে ঢুকে যায়। আহতদের একজন ঘটনাস্থলেই মারা যান। অপর একজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
ডেবরা থানা এলাকার বাসিন্দা মৃতরা হলেন নির্মল ভুঁইঞা (২৭), কল্পনা মান্না (৫৮)। ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিরা ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ।

