আমাদের ভারত, ১৭ সেপ্টেম্বর: আজ ৭১ বছরের পা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর জন্মদিন উপলক্ষে দু’কোটির বেশি দেশবাসীকে টিকা দেওয়া হয়েছে, যা ভারতের সর্বকালের রেকর্ড। শুক্রবার দুপুরের মধ্যে এক কোটির টিকাদানের লক্ষ্যমাত্রা পেরিয়ে যায়। আর তাতে উৎসাহিত হয়ে কেন্দ্রীয় মন্ত্রীরা টুইট করে আরো বেশি করে টিকাকরণের আর্জি জানান। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দু’কোটির লক্ষ্যমাত্রা পেরিয়ে গিয়েছিল।
শুক্রবার এক সরকারি আধিকারিক জানিয়েছেন, মিনিটে ৪২ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ প্রতি সেকেন্ডে ৭০০ জনকে টিকা দেওয়া হয়েছে দেশে। নরেন্দ্র মোদীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে কুড়ি দিন ধরে টানা কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। এর মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ছিল এই টিকাদান কর্মসূচি।
শুরুতেই একদিনে দু’কোটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল।এর জন্য সরকারি পরিকাঠামোর পাশাপাশি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল অন্তত ৪ লক্ষ বিজেপি স্বেচ্ছাসেবককে। নেতাকর্মীদের যত বেশি সম্ভব মানুষকে টিকাকরণ কেন্দ্রে নিয়ে আসার কথা বলা হয়েছিলো। শুক্রবার সকাল থেকেই টিকাকরণের ব্যাপারে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। দুপুরের মধ্যেই এক কোটি এবং বিকেল সাড়ে পাঁচটার মধ্যে দুই কোটির গণ্ডি পেরিয়ে যায়। আর তখনই লক্ষ্য মাত্রা বাড়িয়ে আড়াই কোটি করা হয়। সন্ধে ছটায় কোউইন-এর তথ্য অনুযায়ী দু’কোটি ১৮ লক্ষ ১২ হাজার ৩০৩ জন টিকা নিয়েছেন।

