আনিস হত্যাকাণ্ডে দুজন গ্রেফতার, জানালেন মুখ্যমন্ত্রী, সিবিআই তদন্তের দাবিতে অনড় ছাত্রনেতার বাবা

আমাদের ভারত, ২৩ ফেব্রুয়ারি: নতুন মোড় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর তদন্তে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন হয়েছে আর সেই সিট তদন্তভার গ্রহণ করার ২৪ ঘণ্টার মধ্যে তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছিল। এরপর বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। তবে এখনো ছেলের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে অনড় ছাত্রনেতার বাবা।

মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমতায় তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। এখনও আমরা জানি না আসল ঘটনা কী? দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য পুলিশ আবেদন করলেও অনুমতি দেওয়া হয়নি। তাদের বাধা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।”

মুখ্যমন্ত্রী আরও জানান, “জানি না সে আদৌ দোষী প্রমাণিত হবে কিনা। আইন আইনের পথে চলবে। তদন্ত প্রক্রিয়া নিজের মত চলবে।” মুখ্যমন্ত্রী বলেন, পুলিশকে নিরপেক্ষভাবেই তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পুলিশ কোন দুজনকে গ্রেপ্তার করেছে মুখ্যমন্ত্রীর কথায় সেই বিষয়টি স্পষ্ট নয়। মুখ্যমন্ত্রী জানিয়েছে, নিরপেক্ষ তদন্তের স্বার্থে পুলিশ দুইজনকে হেফাজতে নিয়েছে।

পরে জানা গেছে, যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজন কাশীনাথ বেড়া হোমগার্ড এবং অন্যজন প্রীতম ভট্টাচার্য সিভিক ভলান্টিয়ার।

পুলিশের তরফে জানানো হয়েছে, যারা দোষী তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব। আমরা আগামী ১৫ দিনের মধ্যে পুরো ঘটনা সকলের সামনে তুলে ধরব। ধৃত সিভিক ভলান্টিয়ার ও হোমগার্ড দুজনই আমতা থানার বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে কি এই দুজনই সেইরাতে আনিসের বাড়িতে গিয়েছিলেন? পুলিশ জানিয়েছে, “এখনও তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই এই নিয়ে নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। আমরা আমাদের দিকে যে গাফিলতি পেয়েছি তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে”।

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর স্পষ্ট করার চেষ্টা করেছেন, পুলিশের যে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে তারা তদন্তকাজ শুরু করেছে। সেই তদন্ত পুরোদমে চলছে। নিরপেক্ষ তদন্তের প্রয়োজনে যা যা করণীয় সবটাই করছে পুলিশ। আর সেই কারণেই দুজন পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেও আনিসের বাবা এখনো পর্যন্ত সিবিআই তদন্তের দাবিতে অনড়। তিনি বলেছেন, “দিদি বলছেন, আনিসের হত্যায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি খুব খুশি হব যেদিন ওদের আদালতে পেশ করে বিচার শুরু হবে। ওরা তো আসামি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *