১৯ ডিসেম্বর কলকাতা পুরভোট, স্থগিতাদেশ দিল না হাইকোর্ট

রাজেন রায়, কলকাতা, ১৫ ডিসেম্বর: কেন শুধুমাত্র কলকাতা পুরসভার ভোট ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন? কেন ঘোষণা করা হল না রাজ্যের বকেয়া পুরসভাগুলির ভোটের দিনক্ষণ? এই মর্মে হাইকোর্টে দায়ের হয়েছিল দুটি জনস্বার্থ মামলা। শুনানি শেষে বুধবার এই মামলার রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আর সেখানেই এদিন স্পষ্ট জানিয়ে দেওয়া হল, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে কলকাতা পুরসভা-সহ সমস্ত ভোটে কোনওরকম স্থগিতাদেশ জারি করবে না হাইকোর্ট।

প্রসঙ্গত, এই নিয়ে দায়ের হওয়া দুটি জনস্বার্থ মামলার মধ্যে একটি দায়ের করেন বিজেপি ইলেকশন কমিটির ইনচার্জ প্রতাপ বন্দ্যোপাধ্যায় এবং অন্যটি দায়ের করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। দুটি মামলারই একত্রে শুনানি চলছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। শুনানির সময়ে নির্বাচন কমিশন হলফনামা দিয়ে জানায়, বাকি পুরসভাগুলির ভোট ৬ থেকে ৮ দফায় মে মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। তার কারণ তাদের কাছে রয়েছে ১৫ হাজার ৬৮৭ টি ইভিএম। দফাভিত্তিক পুর নির্বাচন না হলে নির্বাচন কমিশনের কাছে ইভিএম-ই থাকবে না। তাছাড়াও রয়েছে মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা, বিভিন্ন উৎসবের দিন এবং করোনা পরিস্থিতি। যদিও নির্বাচন কমিশনের এই দাবির বিরুদ্ধে জোর সওয়াল করেন বিজেপি আইনজীবী পিঙ্কি আনন্দ এবং আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়।

শুনানি শেষে এদিন রায় ঘোষণার সময় আদালতের নির্দেশ, কলকাতা পুরসভা-সহ কোনও ভোটেই স্থগিতাদেশ জারি করবে না আদালত। তবে যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত নির্বাচন শেষ করতে হবে। এই বিষয়ে নিশ্চিত করতে হবে রাজ্যকে। আগামী ২৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *