কেশপুরে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙ্গচুরের ঘটনায় ১৯ জন গ্রেফতার, অথচ তৃণমূলের নেতা খুনের আসামীরা ঘুরে বেড়াচ্ছে, অভিযোগ তৃণমূলের

জে মাহাতো, মেদিনীপুর, ৩ এপ্রিল:
দ্বিতীয় দফার ভোটের আগের দিন কেশপুরে তৃণমূল নেতা খুনের ঘটনায় নির্বাচন কমিশনের পাশাপাশি রাজ্য পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ তুলল তৃণমূল। দ্বিতীয় দফার ভোটে কেশপুরে সন্ত্রাস এবং তৃণমূল কংগ্রেসের নির্বাচনী এজেন্টকে মারধরের বিষয় নিয়ে আজ মেদিনীপুরে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করে তৃণমূল কংগ্রেস।

কেশপুরে ভোটের আগের রাতে উত্তম দোলই নামে এক ব্লক নেতা পার্টি অফিসের সামনে খুন হন। ভোটের দিন কেশপুর জুড়ে একাধিক হিংসার ঘটনা ঘটে। এই নিয়ে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলল তৃণমূল। তাদের অভিযোগ, কেশপুরের গুনহারায় বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙ্গচুরের ঘটনায় ১০ জন মহিলা সহ ১৯ জন গ্রামবাসীকে গ্রেফতার করা হয়, অথচ তৃণমূলের নেতা খুন হয়ে গেলেও মূল আসামীরা ঘুরে বেড়ায়। এমনকি নির্বাচনের দিন শ্যামচাঁদপুরে প্রার্থীর নির্বাচনী এজেন্টকে মারধর করে চোখ প্রায় নষ্ট করে দেওয়া ও গাড়ি ভাঙ্গচুরের ঘটনা ঘটলেও আজ পর্যন্ত কোনও গ্রেফতার করা হয়নি।

তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী ও রাজ্য পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা রীতিমতো তাৎপর্যপূর্ণ। শনিবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অজিত মাইতি, দীনেন রায়, শিউলি সাহা, মহম্মদ রফিক। অজিত মাইতি ও শিউলি সাহা বলেন, প্রশাসন যদি নিরপেক্ষ আচরণ না করে তবে আগামী দিনে জনরোষের জন্য কিছু অঘটন হলে প্রশাসন দায়ী থাকবে। আমাদেরও ধৈর্য এর সীমা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *