ভাটপাড়ার পঞ্চাননতলা থেকে উদ্ধার ১৬ টি তাজা বোমা

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৯ মার্চ: ফের বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ভাটপাড়ায়। ১৬টি তাজা বোমা উদ্ধার ঘিরে তীব্র আতঙ্ক ছড়ালো ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের পঞ্চাননতলায়। মঙ্গলবার ওই এলাকার একটা পরিত্যক্ত ঘরের মধ্যে ব্যাগ ভর্তি বোমা দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হলে, খবর পেয়ে তড়িঘড়ি ভাটপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায়। উদ্ধার হওয়া বোমাগুলি বন্ধ থাকা কাঁকিনাড়া পেপার মিলের ভেতরে গঙ্গার ধারে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে হয়।

এর আগেও ভাটপাড়া ও জগদ্দল থেকে তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। বিশেষ করে মুখ্যমন্ত্রীর বগটুই গ্রামে যাওয়ার পর বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধার করার নির্দেশের পর জগদ্দল ও ভাটপাড়া থানার পুলিশ অনেক বেশি সক্রিয় হয়ে বেশ কিছু দুষ্কৃতীকে গ্রেফতারের পাশাপাশি বোমা উদ্ধার করেছে। কিন্তু তাও এখনো ভাটপাড়া ও জগদ্দল থেকে এত সংখ্যক বোমা উদ্ধার হচ্ছে যা চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে।
তবে কারা, কি কারণে ওই পরিত্যক্ত ঘরের মধ্যে বোমাগুলি লুকিয়ে রেখেছিল, তা পুলিশ খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *