আশিস মণ্ডল, বীরভূম, ২৮ অক্টোবর: এসআরডিএ চেয়ারম্যান তথা বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল চিরকালই ঈশ্বরভক্ত বলেই পরিচিত। তবে তিনি তাঁর ভক্তি দেখিয়ে থাকেন নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। বাড়ি থেকে বের হওয়ার আগে যেমন তিনি ঠাকুরের আশীর্বাদ নিয়ে বের হন ঠিক তেমনি বিভিন্ন পূজা-পার্বণেও নিজের ঢঙেই ঈশ্বর আরাধনায় ব্রতী হন।
তবে এখানেই শেষ নয়, এর সঙ্গে তাঁর ঈশ্বর ভক্তি লক্ষ্য করা যায় বিভিন্ন সময় মহাযজ্ঞের আয়োজনে। কখনও তারাপীঠ, কখনও নলাটেশ্বরী মন্দির, কখনও আবার কঙ্কালীতলায় একাধিকবার মহাযজ্ঞে শামিল হয়েছেন তিনি। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে আজ কঙ্কালীতলায় মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। অবশ্যই এই মহাযজ্ঞের কেন্দ্রবিন্দু হলেন অনুব্রত মণ্ডল। সকাল আটটা থেকে এই মহাযজ্ঞের সূচনা হয়। মহাযজ্ঞ চলবে টানা প্রায় ১২ ঘণ্টা। এই মহাযজ্ঞ চলাকালীনই সেখানে হাজির হয়ে মায়ের আরাধনা করবেন অনুব্রত। মহাযজ্ঞ আয়োজিত হয়েছে ১১ জন পুরোহিতের উপস্থিতিতে। মহাযজ্ঞের উপকরণ হিসাবে রয়েছে ১৬৫ কেজি কাঠ, ৫ টিন অর্থাৎ ৭৫ কেজি ঘি। তবে কী কারণে এই মহাযজ্ঞ তা অবশ্য এখনও খোলাসা করেননি অনুব্রত মণ্ডল। তিনি ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, “একটা নিশ্চয়ই কোনও কামনা আছে। মা দেবে আমাকে। আদায় করে নেব। মায়ের কাছে যা চাই তাই পেয়ে যাই।” আজকের কঙ্কালীতলায় মহাযজ্ঞকে ঘিরে তৃণমূলের কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। সকাল থেকেই মহাযজ্ঞকে ঘিরে উৎসাহী মানুষ থেকে দলীয় কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছেন।

