ভোট বাংলায় নিঃশব্দ বিপদ! রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত ১৭৩৩

রাজেন রায়, কলকাতা, ২ এপ্রিল: সারা রাজ্যে সকলে ব্যস্ত ভোট নিয়ে। শাসক বিরোধী দুজনের মুখে একটাই স্লোগান ‘খেলা হবে।’ এরই মধ্যে নিঃশব্দে নিজের খেলা ফের শুরু করে দিয়েছে মহামারী করোনা। করোনার প্রথম ধাক্কা সামলে উঠলেও নিঃশব্দে ধেয়ে আসছে দ্বিতীয় ঢেউ।

ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার মহারাষ্ট্র। তামিলনাড়ু, কেরল, ছত্তিসগড়, গুজরাটের অবস্থাও শোচনীয়। পশ্চিমবঙ্গেও একদিনে ১২৭৪ থেকে বেড়ে আক্রান্তের সংখ্যা হল ১৭৩৩। কলকাতায় ২৪ ঘণ্টায় ৪০০ থেকে বেড়ে হল ৫১৩। এভাবে এগোতে থাকলে ২০২০ সালের রেকর্ডকেও তুড়ি মেরে ভেঙে দেবে ভোটের বাংলায় করোনার রেখচিত্র। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছে, সেখানে মোট আক্রান্ত ১ হাজার ৭৩৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে চার জনের। কলকাতাতেই নতুন করে আক্রান্ত হয়েছেন ৫১৩ জন, মৃত্যু হয়েছে দু’জনের।

সংক্রমণের নিরিখে এরপরই উত্তর ২৪ পরগনার নাম। এই জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৩১ জন কোভিড পজিটিভ। সংক্রমণ বাড়ছে দক্ষিণ ২৪ পরগনাতেও। এখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭৩ জন। হাওড়ায় এখনও অবধি ৩৭,০৫০ জন এই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টার নিরিখে আক্রান্ত ১৫৯ জন। এছাড়াও উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে বীরভূমেও। একদিনে আক্রান্ত যথাক্রমে ১৫৮ জন। ভোট পরবর্তী সময়ে যা সামলানো কঠিন হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন স্বাস্থ্য আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *