আমাদের ভারত, আরামবাগ, ২২ আগস্ট: যাত্রীবাহী বাস উল্টে আহত ১৬ জন যাত্রী। ১৬ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে গোঘাটের রেজিস্ট্রি অফিসের সামনে। আহতদের গোঘাট থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে।
জানা গেছে, যাত্রীবাহী বাসটি আরামবাগ থেকে বদনগঞ্জ যাচ্ছিল। হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। বিকট শব্দে এলাকার মানুষজন ছুটে আসে। গোঘাট থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগায়। আহতদের উদ্ধার করে প্রথমে কামারপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপরে স্থানান্তরিত করা হয় আরামবাগ মহকুমা হাসপাতালে। বাসটির চালক পলাতক।

