স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত,নদিয়া, ১৬ জুন: কল্যাণী ব্লকের সগুনা এলাকা থেকে ১৭ টি বোমা ও পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে সগুনা পঞ্চায়েতের দু’নম্বর লিচুতলা এলাকায় একটি বাগান থেকে এই আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করে কল্যাণী থানার পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে বম্ব স্কোয়াড টিম। বোমাগুলো ওই বাগান এলাকায় নিষ্ক্রিয় করে তারা। পুলিশ সূত্রে জানা যায়, ওই বাগানে ঝোঁপ থেকে উদ্ধার হয় ১৭ টি কৌটো বোমা, ৫ টি আগ্নেয়াস্ত্র ও ৬ টি কার্তুজ। পাঁচটি আগ্নেয়াস্ত্রের মধ্যে চারটি ইম্প্রোভাইজ ওয়ানশাটার ও একটি ইম্প্রোভাইজ সিক্সার। তবে এই ঘটনায় রানাঘাট পুলিশ জেলার, সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, কারা ওখানে কী উদ্দেশ্যে রেখেছিল তা আমরা খতিয়ে দেখছি, কিছু সূত্র আমরা পেয়েছি তদন্ত শুরু হয়েছে।

