স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩০ মার্চ: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বেআইনি অস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য পেল ইসলামপুর পুলিশ জেলার পুলিশ। গত পাঁচ দিনে ১৪ টি আগ্নেয়াস্ত্র সহ ১৬ জনকে গ্রেফতার করেছে। এর পিছনে থাকা বড় পান্ডাকে গ্রেফতারের জন্য বিহারেও অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর।

তিনি জানিয়েছেন, রাজ্য জুড়ে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য একটি বিশেষ অভিযান চলছে। সেই নির্দেশ মত ২৫ মার্চ থেকে আমরা এখানেও বিশেষ অভিযান করছি। গত পাঁচ দিনে ১৪ টি আগ্নেয়াস্ত্র সহ ১৬ গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হচ্ছে। বেশ কয়েকজনের নাম উঠে আসছে তারা বিহারের বাসিন্দা। এর পিছনে থাকা বড় পান্ডাকে গ্রেফতারের জন্য বিহারের পুলিশকে নিয়েও অভিযান চালানো হবে বলে পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

