আমাদের ভারত, আরামবাগ, ২৭ জানুয়ারি: অবশেষে তিন মহিলা সহ ১৪ জনের ডাকাত দলকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র সহ আধ কেজি সোনা, দেড় কেজি রুপো। মঙ্গলবার আরামবাগের একটি ভাড়া বাড়ি থেকে ভিন রাজ্যের এই ১৪ জনকে ডাকাত সন্দেহে গ্রেপ্তার করে আরামবাগ থানার পুলিশ।
জানাগেছে, ফার্নিচারের ব্যবসার করার নাম করে আরামবাগ শান্তিনিকেতন পল্লী এলাকায় একটি বাড়ি ভাড়া করে থাকত। ব্যবসা না করলেও তাদের ঘরে বেশ কিছু মানুষের আসা যাওয়া দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর ওই এলাকা সহ আশেপাশের বেশ কিছু এলাকায় চুরি হওয়ার ঘটনা ঘটায় এলাকা বাসির সন্ধেহ হয়। শুরু হয় নজরদারি। অবশেষে ধরা পরে রাজস্থান থেকে আসা ডাকাতের গ্যাং।
বৃহস্পতিবার ধৃত ১৪ জনকে আরামবাগ আদালতে তোলা হলে চার জনের জেল হেফাজত হয় ও বাকিদের পুলিশ হেফাজত হয়। এই ঘটনায় হুগলি জেলা পুলিশ সুপার আমনদেব সিং সাংবাদিকদের বলেন, আমরা গোপন সুত্রে খবর পেয়ে শান্তি নিকেতন পল্লী এলাকায় একটি বাড়ি থেকে কয়েক জনকে গ্রেফতার করি এরপর তাদের কাছ থেকে জানতে পারি আশে পাশে আরো তাদের দলের লোকজন রয়েছে, তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয় চারটি আগ্নেয়াস্ত্র, ৫০০ গ্রাম সোনা, দেড় কেজি রুপো ও ১লক্ষ ৬০ হাজার নগদ। এই দলে রয়েছে তিন জন মহিলাও।

