জলপাইগুড়ি জেলা আদালতের এক বিচারপতি সহ ১৪ জন নতুন করে করোনার শিকার, মোট আক্রান্ত ১২৩

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৪ জুলাই: জলপাইগুড়ি জেলা আদালতের এক বিচারপতি সহ মোট ১৪ জন বাসিন্দা জলপাইগুড়ি শহরে নতুন করে করোনা আক্রান্ত হলেন বৃহস্পতিবার। চলতি মাসে শহরের আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১২৩ জন। যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর।

প্রতি মুহূর্তে শহরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এভাবে চলতে থাকলে চলতি মাসের শেষের দিকে আক্রান্তের সংখ্যা ভয়াবহ রূপ দিতে পারে বলে অনুমান পুর কর্তৃপক্ষের। আরও উদ্বেগ বেড়েছে খোলা বাজারে পাওয়া করোনার কিট দিয়ে যারা করোনা পরীক্ষা করছেন সেই তথ্য পাওয়া যাচ্ছে না। আরটিপিসিআর ও স্বাস্থ্য দফতরের র‍্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে যারা পরীক্ষা করছেন শুধু সেই রিপোর্ট পাওয়া যাচ্ছে। বাজার থেকে যারা কিট কিনছেন তাদের অন লাইনে তথ্য তুলে ধরার অনুরোধ করলো পুর কর্তৃপক্ষ।

অন্যদিকে শহরের ওষুধের দোকানের ব্যবসায়ীদের অনুরোধ করলো পুর কর্তৃপক্ষ কিট যারা কিনছেন তাদের নাম ও ফোন নম্বর রাখার জন্য। এতে আক্রান্তদের চিহ্নিত করে সংক্রমণ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ করা সহজ হবে বলে দাবি পুর কর্তৃপক্ষের। পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, “আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। কিট দিয়ে যারা পরীক্ষা করছেন পজিটিভ হলে অন লাইনে তোলার অনুরোধ করা হচ্ছে। ওষুধের দোকানের ব্যবসায়ীদের সজাগ থাকতে হবে এই বিষয়ে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *