Voter list, Bankura, বাঁকুড়ায় ভোটের তালিকা থেকে বাদ ১৩৫৩০০ জন, প্রতিবাদে সরব তৃণমূল

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ ফেব্রুয়ারি: চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বাঁকুড়া জেলায় বাদ গেল লক্ষাধিক ভোটারের নাম। আজ নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় বাঁকুড়া জেলায় মোট বাদ গিয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ভোটারের নাম। খসড়া তালিকা থেকে বাদ গিয়েছিল ১ লক্ষ ৩২ হাজার ভোটারের নাম। শুনানির পরে বাদ গেছে ৩ হাজার ভোটারের নাম। অর্থাৎ প্রায় ১,৩৫,০০০ ভোটারের নাম বাদ গিয়েছে।

অন্যদিক তালিকা প্রকাশ হওয়ার পরই নির্বাচন কমিশন দূর হটো শ্লোগান দিয়ে প্রতিবাদে নামে তৃণমূল। তাদের দাবি, বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশন কাজ করেছে। বাদ পড়েছে প্রকৃত ভোটারের নাম। এটা তারা মানবেন না। এই বিক্ষোভে নাম বাদ পড়া কয়েক জন ভোটার সামিল হন।

তালিকায় নাম বাদ যাওয়া শেখ কাশিমের বক্তব্য, তাকে শুনানিতে ডাকা হয়েছিল।তিনি সরকারি চাকরি করতেন। পেনশনের কাগজ সহ সব নথিপত্র জমা দিয়েছেন। তবুও নাম বাদ, নাম নেই তালিকায়। বাঁকুড়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের আটজন প্রকৃত ভোটারের নাম নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছে বলে অভিযোগ করে বিক্ষোভে ফেটে পড়েন ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজীব দে ও বাসিন্দারা। তবে এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো উদ্বেগ লক্ষ্য করা যায়নি। তাদের বক্তব্য, জেলায় লক্ষাধিক নাম বাদ যাওয়া নিয়ে তারা অবাক। তবে তারাও চান ভারতের নাগরিক প্রকৃত ভোটার একজনের নামও যেন বাদ না পড়ে।

বাঁকুড়া শহরের মাচানতলা থেকে মিনি মার্কেট, স্কুল ভাঙ্গা, রানীগঞ্জ মোড়, লালবাজার, ফিডাররোড, প্রতাপবাগান, কেন্দুয়াডিহি সর্বত্রই বাসিন্দারা জানান যে, প্রায় ১লক্ষ ৩৭ হাজার নাম বাদ পড়েছে শুনে তারা অবাক। যদি বাদ পড়া ভোটার ১লক্ষও হয় তবে এতদিন ভোটের নামে প্রহসন হয়েছে। তারা জানান যে, এসআইআর না হলে বুঝতে পারতেন না যে লক্ষাধিক ভোটার বৈধ নয়।এজন্য এসআই আর অত্যন্ত প্রয়োজন ছিল। বাঁকুড়া পুরসভা এলাকার বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে টাঙানো হয় চুড়ান্ত ভোটার তালিকা। চুড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গেছে মোট ১ লক্ষ ৩৫ হাজার ৩০০ নাম। ভোটার তালিকা সংশোধনকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে বাঁকুড়া জেলায়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া জেলায় খসড়া ভোটার তালিকায় প্রথমে ১ লক্ষ ৩২ হাজার ভোটারের নাম বাদ গিয়েছিল। সেই তালিকা প্রকাশের পর দাবি, আপত্তি ও শুনানির প্রক্রিয়া সম্পন্ন হয়। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায়, আরও ৩৩০০ নাম বাদ পড়েছে। ফলে সব মিলিয়ে মোট ১ লক্ষ ৩৫ হাজার ৩০০ ভোটারের নাম তালিকা থেকে বাদ গেল। অফলাইনে প্রকাশিত হয়েছে তালিকা। ডিএম, বিডিও অফিসে চুড়ান্ত তালিকার হার্ড কপি পৌঁছে গিয়েছে। ভোটের মুখে এত বড় সংখ্যক নাম বাদ পড়া ঘিরে জেলাজুড়ে জোর চর্চা শুরু হয়েছে। এদিন জেলা শাসক তথা জেলা নির্বাচন আাধিকারিক বাঁকুড়া জেলার ২৯১১৬২৬ জন প্রকৃত ভোটারের নামের তালিকা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *