কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: বিদ্যাসাগর স্মরণ সমিতির উদ্যোগে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৩তম প্রয়াণ দিবস পালিত হলো ঘাটাল শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে অবস্থিত বিদ্যাসাগর মূর্তির পাদদেশে। এদিন বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল পৌরসভার পৌর প্রধান তুহিন কান্তি বেরা, বিদ্যাসাগর স্মরণ সমিতির সভাপতি গৌরীশংকর বাগ, সম্পাদক তাপস পোড়েল, বীর সিংহ ভগবতী বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রদীপ পাঠক, মহারাজপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সুভাষ দত্ত, স্বর্গসুখ কমিটি ঘাটালের সম্পাদক ইতি মন্ডল সহ অন্যান্যরা।

মহকুমা শাসকের আক্ষেপ, রবীন্দ্রনাথকে নিয়ে যে ব্যাপক চর্চা হয় বিদ্যাসাগর মহাশয়কে নিয়ে ততটা সময় আমরা দিই না, যার কারণে সমাজে অনেক কুসংস্কার বাসা বেঁধে আছে। বিদ্যাসাগর স্মরণ সমিতির বিভিন্ন কর্মকান্ড ও অনুষ্ঠানের প্রশংসা করে সুমনবাবু বলেন, ছাত্র-ছাত্রীদের মধ্যে বিদ্যাসাগর চর্চার যথেষ্ট অভাব রয়েছে। এই ব্যাপারে স্মরণ সমিতি অগ্রণী ভূমিকা পালন করতে পারে। টোটো চালক, ট্রলি চলক বাসকর্মী, ছাত্র-ছাত্রী ও পথ চলতি মানুষজন এই মহামানবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। ট্রলিচালক ভাইয়েরা মূর্তি সম্মুখস্থ স্থানটি পরিষ্কার করতে সাহায্য করেছেন।

