আমাদের ভারত, কলকাতা, ২০ আগস্ট: পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে রবিবার চীনের প্রাচীর নামে খ্যাত কিংবদন্তি ফুটবলার গোষ্ঠ পালের ১২৭তম জন্ম দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

কলকাতা ময়দানে গোষ্ঠ পালের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস। কিংবদন্তি এই ফুটবলারের জন্মদিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ও বর্তমান বেশ কিছু ক্রীড়াবিদ, কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান সহ বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, আইএফএ ও সিএবি’র কর্মকর্তারা। উপস্থিত ছিলেন গোষ্ঠ পালের পুত্র নীরাংশু পাল।
এদিনের অনুষ্ঠানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদ জানিয়ে ও মৃত ছাত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উত্তরীয়র বদলে ফুটবলারদের ফুটবল তুলে দেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী।

