সাথী দাস, পুরুলিয়া, ২৯ জুন: রঘুনাথপুর মহকুমা এলাকায় গত ছয় মাস ধরে অভিযান চালিয়ে চুরি ও হারিয়ে যাওয়া ১২৫ টি মোবাইল উদ্ধার করল পুলিশ। উদ্ধার হওয়া মোবাইলগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হল।
একটি সাংবাদিক সম্মেলন করে রঘুনাথপুর মহকুমা পুলিশ আধিকারিক দুর্বার বন্দ্যোপাধ্যায় জানান, গত কয়েক মাসে পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার বিভিন্ন থানা এলাকায় প্রচুর মোবাইল চুরি ও হারিয়ে যাওয়ার অভিযোগ এসেছিল। সেই মতো পুরুলিয়ার পুলিশ সুপার এস সিলভা মুরুগানের নির্দেশে একটি বিশেষ টিম তৈরি করে পুলিশ অভিযান চালায়। এই অভিযানের মাধ্যমে পুরুলিয়ার রঘুনাথপুর, কাশীপুর, নিতুরিয়া, সাঁতুড়ি, আদ্রা, পাড়া ও সাঁওতালডি থানা এলাকা থেকে মোট ১২৫ টি মোবাইল উদ্ধার করে পুলিশ যার মধ্যে রঘুনাথপুর থানা এলাকা থেকে উদ্ধার করা হয় ৪০টি মোবাইল, কাশীপুর থানা এলাকা থেকে ১৫ টি মোবাইল, নিতুরিয়া থানা এলাকা থেকে ১৮টি মোবাইল, সাঁতুড়ি থানা এলাকা থেকে ৯ টি, আদ্রা থানা এলাকা থেকে ১৯টি, পাড়া থানা এলাকা থেকে ১২ টি মোবাইল এবং সাঁওতালডি থানা এলাকা থাকে ১২ টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ।

এর মধ্যে এদিন রঘুনাথপুর, কাশীপুর ও পাড়া থানার মোট ৩৮ টি উদ্ধার হওয়া মোবাইল তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দেয় রঘুনাথপুর থানার পুলিশ। এভাবে মোবাইল গুলি ফিরে পেয়ে খুবই খুশি হয়েছেন সেই সব ব্যক্তিরা। তাঁরা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

