পঞ্চায়েতে বোর্ড গঠন ঘিরে বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত খেজুরি, জখম ৮ পুলিশ কর্মী সহ ১২ জন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১০ আগস্ট: পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন, ভোটগ্রহণ, ফল প্রকাশে সন্ত্রাসের পর এবার বোর্ড গঠনেও চলল গুলি। ভরদুপুরে পরপর গুলির শব্দে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের খেজুরি। ঘটনায় ওসি সহ ৮ জন পুলিশ কর্মী আহত হয়েছে বলে জানাগেছে।

তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের জেরেই এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুই পক্ষের লোকজনের কারও হাতে ছিল লাঠি তো কারও হাতে বাঁশ। একের পর এক গুলি ও বোমার শব্দে কেঁপে ওঠে স্থানীয় বাসিন্দারা। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হতে হয় পুলিশকে। খেজুরি দু’ নম্বর ব্লকের নিজ কসবা গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

বৃহস্পতিবার সকাল থেকেই বোর্ড গঠন ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। ওই পঞ্চায়েতে বিজেপির ১৬টি ও তৃণমূলের হাতে রয়েছে ১২টি আসন। অভিযোগ ওঠে, তৃণমূলের জয়ী প্রার্থীদের পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হয়নি। এরপর দু’ পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হলে ঘটনাস্থলে যায় পুলিশ। ৮ জন পুলিশ কর্মী ছাড়াও দু’ পক্ষের আরও চারজন আহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হন তালপাটি কোস্টাল থানার ওসি বুদ্ধদেব মাল, ভূপতিনগর সি আই সুবীর পাল। তাদের বাঁচাতে গেলে আহত হন আরও কয়েকজন পুলিশ কর্মী। তাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *