বিজেপি ডাকা ১২ ঘণ্টা ধর্মঘটে মিশ্র প্রভাব জলপাইগুড়ি শহরে

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৮ এপ্রিল: বিজেপি ডাকা ১২ ঘণ্টা ধর্মঘটে মিশ্র প্রভাব জলপাইগুড়ি শহরে। শুক্রবার সকাল থেকে বিজেপি নেতা কর্মীরা শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায়। দোকানপাট, বাজার না খুললেও রাস্তাঘাটে কিছু টোটো ও প্রাইভেট গাড়ি দেখা গিয়েছে। যদিও বিজেপি কর্মীরা ঝাণ্ডা হাতে সাধারণ মানুষদের বুঝিয়ে কিছু জায়গায় টোটো ফিরিয়ে দিয়েছেন।

এদিকে বেসরকারি বাস রাস্তায় না দেখা গেলেও জলপাইগুড়ি শান্তি পাড়ার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় সংস্থার ডিপো থেকে সরকারি বাস রাস্তায় নেমেছিল বিভিন্ন রুটের উদ্দেশে। কদমতলা মোড়ে জলপাইগুড়ি হলদিবাড়ি রুটের বাস আটকে দিলেন বিজেপি নেতা কর্মীরা।

এদিকে বাসের চালকদের সুরক্ষার জন্য দেখা গেল হেলমেট পড়ে গাড়ি চালাতে। সরকারি বাসের চালক প্রবীন বর্মণ বলেন, “ডিপার্টমেন্ট থেকে হেলমেট দিয়েছে সুরক্ষার জন্য। এই কারণে হেলমেট পড়ে বাস চালাচ্ছি। শান্তি পাড়া থেকে ছেড়েছে, কদমতলায় আটকে দিয়েছে বিজেপি কর্মীরা।”

বিজেপি জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, “কালিয়াগঞ্জের নাবালিকা ধর্ষণ করে খুন ও বিজেপি কর্মীকে পুলিশ খুন করার অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে ১২ ঘণ্টা ধর্মঘট হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *