স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৬ অক্টোবর: বেআইনীভাবে পাচারের পথে উদ্ধার ১২টি উট। মঙ্গলবার রাতে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে একটি উট বোঝাই কন্টেনার লরি আটক করে পুলিশ। লরির চালককে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, উটগুলি রাজস্থান থেকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের মালগাঁও গ্রামের উদ্দ্যেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
গোপন সুত্রে খবরের ভিত্তিতে রায়গঞ্জের একটি পশুপ্রেমী সংগঠনের সদস্যরা খবর দেন পুলিশে। শেষ পর্যন্ত শিলিগুড়ি মোড় ট্র্যাফিক পুলিশ ও রায়গঞ্জ থানার পুলিশ ওই পশুপ্রেমী সংগঠনের কর্মীদের উপস্থিতিতে উট বোঝাই লড়িটি আটক করে।

বেআইনীভাবে বা চোরা পথে উট পাচার জেলায় এই প্রথম নয়। এর আগেও একাধিকবার এই ঘটনা ঘটেছে। সুদুর রাজস্থান থেকে চোরাকারবারিরা বেশ কয়েকটি রাজ্য পেরিয়ে প্রশাসনের চোখে ধুলো দিয়ে কিভাবে এতগুলো উট পাচার করছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পশুপ্রেমীরাও। উটগুলিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে। সেইসঙ্গে ধৃত গাড়ির চালকের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা রুজু করা হচ্ছে বলেও জানা গেছে।

