নদীয়াতে ১১০১ জন মহিলা প্রিসাইডিং অফিসার ভোট পরিচালনা করবেন

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৭ ফেব্রুয়ারি: নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করেছে। আজ নদিয়া জেলাতে এই নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন নদিয়ার জেলা শাসক পার্থ ঘোষ। নদিয়ায় ভোট দুদিনের ১৭ এপ্রিল ও ২২ এপ্রিল। প্রথম দফায় নদিয়ার রানাঘাট, শান্তিপুর, কল্যাণী, হরিণঘাটা, চাকদহ, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট দক্ষিণ, রানাঘাট উত্তর পূর্বে ভোট হবে।

দ্বিতীয় দফায় ২২ ফেব্রুয়ারি কৃষ্ণনগর দক্ষিণ, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কালিগঞ্জ, চাপড়া, পলাশীপাড়া, তেহট্ট, করিমপুরে ভোট হবে। নদীয়া জেলায় মোট ভোটারের সংখ্যা ৪২ লক্ষ ৭৬ হাজার ৮৯৩ জন। জেলায় ভোটদান কেন্দ্রের সংখ্যা ৫৯৭৬, এরমধ্যে ৪৫৮২টি মুখ্য ভোটদান কেন্দ্র, সহায়ক ভোটদান কেন্দ্রের সংখ্যা ১৩৯৪। এছাড়া ১১০১ জন ভোটদান কেন্দ্রের মহিলা প্রিসাইডিং অফিসার ভোট পরিচালনা করবেন।

শনিবার সাংবাদিক সম্মেলনে জেলাশাসক পার্থ ঘোষ নির্বাচনী বিধি নিষেধ অনুসারে বলেন, ভোটের ফলাফল না বেরনো পর্যন্ত লাইসেন্স প্রাপ্ত বন্দুক কেউ সঙ্গে নিয়ে ঘুরতে পারবেন না। যাদের আর্মসের লাইসেন্স আছে তারা তাদের নিকটস্থ থানায় আর্মস জমা দিতে বাধ্য থাকবেন। তবে এদের মধ্যে যাদের জীবনহানি হবার সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে নদিয়ার জেলা শাসক সহ জেলা পুলিশ সিদ্ধান্ত নেবেন তাদের আর্মস থানায় জমা দিতে হবে কিনা।

কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কোনও সন্দেহজনক লেনদেন হয় তাহলে তার ওপর নজর রাখা হবে। যদি দেখা যায় দু’মাস আগে পর্যন্ত ব্যাঙ্কের খাতায় কোনও লেনদেন হয়নি কিন্তু ভোট ঘোষণা হওয়ার পর ওই খাতায় ১ লাখ টাকা লেনদেন হয়েছে তাহলে প্রশাসন তার উপর নজর রাখবেন।১০ লাখের বেশি কোনও সন্দেহজনক লেনদেন হলে সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স অফিসারদের বলা হবে ঐ ব্যাঙ্কের খাতার উপর নজর রাখতে।

সরকারি অফিসের সামনে থেকে সমস্ত বিজ্ঞাপন হোডিং সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে আগামী ২৪ ঘন্টার মধ্যে। এছাড়া পাবলিক সম্পত্তির ওপর থেকে সমস্ত রকম বিজ্ঞাপন হোডিং আগামী ৪৮ ঘন্টার মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। আর যদি কারোর নিজের সম্পত্তির ওপর তার অনুমতি ছাড়া ব্যানার দেয়াল লিখন করা হয় তাহলে তা ৭২ ঘণ্টার মধ্যে সরিয়ে বা মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোট সংক্রান্ত কোনও অভিযোগের জন্য ১৯৫০ নম্বরে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। এছাড়া সিভিজিল অ্যাপের মাধ্যমে অভিযোগ দায়ের করতে পারেন। এমসিএমসি কমিটি তাদের কাজ শুরু করেছে।যদি কেউ কোনও ভিডিও প্রচার করতে চান তাহলে এই কমিটির কাছে বিষয়বস্তু দেখাতে হবে। কমিটি যদি বিষয়বস্তু দেখে সন্তুষ্ট হয়ে নির্দেশ দেয় তাহলেই ওই ব্যক্তি ওই ভিডিও প্রচার করতে পারবেন। ভোটের সময় যদি কোনও প্রার্থী বা দল পোস্টার করতে চান তাহলে তাকে প্রিন্টার এবং পাবলিশার্সের নাম দিয়ে জেলা শাসকের কাছে অনুমতি নিতে হবে।

এছাড়া এবার ভোটে নমিনেশন ফর্ম অনলাইনে জমা দিতে পারবেন প্রার্থীরা। পরে ওই ফর্মটাকে অফলাইনে সাবমিট করতে হবে।এফিডেভিডের ক্ষেত্রেও প্রথমে অনলাইন পরে প্রিসাইডিং অফিসারের কাছে মূল কপি জমা দিতে হবে। সিকিউরিটি মানি অনলাইনে জমা দেওয়া যাবে। এছাড়া নমিনেশন জমা দেওয়ার সময় ৫ জনের জায়গায় এখন ২ জন আসতে পারবেন। যানবাহনের ক্ষেত্রে রিটার্নিং অফিসারের অফিস পর্যন্ত তিনটে গাড়ি আসার অনুমতি ছিল এখন দুটো গাড়ির অনুমতি দেওয়া হয়েছে।

ভোটের সময় থার্মাল স্ক্যানিংয়ের ব্যবস্থা থাকছে। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে বাড়ি বাড়ি পোস্টাল ব্যালটের সুবিধা থাকবে। তাদেরকে ফর্ম ১২ ডি দেওয়ার কাজ সোমবার থেকে শুরু হয়ে যাবে। প্রচারের ক্ষেত্রে প্রার্থীসহ পাঁচজন বাড়ি বাড়ি যেতে পারবেন। রোড শোয়ের ক্ষেত্রে আগে ছিল দশটা গাড়ি এবং ১০০ কিলোমিটার দূরত্ব, এবারে পাঁচটা গাড়ি আবার ৩০ মিনিট পর আবার ৫টা গাড়ি যেতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *