পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ মার্চ: খড়্গপুরে এলো কেন্দ্রীয় বাহিনী। বিধানসভা নির্বাচন ঘোষণার আগেই জেলায় এলো এগারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সোমবার দুপুরে ট্রেনে করে এসে পৌঁছোয় খড়্গপুর স্টেশনে। তারপর বাস,মট্রাক ও পিকআপ ভ্যানে করে জেলার বিভিন্ন থানা এলাকায় তাদের পাঠানোর ব্যবস্থা করে জেলা পুলিশ প্রশাসন।

গত সোমবার থেকেই খড়্গপুরে রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নির্বাচনের আগে জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। স্পর্শকাতর এলাকা সহ শহর ও গ্রামে নিয়মিত টহল চলবে বলে জানা গিয়েছে।
আগেই পশ্চিম মেদিনীপুর জেলায় সাত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। আজ খড়্গপুরের নিমপুরা ফাঁড়ি এলাকায় মহকুমা পুলিশ আধিকারিক ধীরজ ঠাকুরের নেতৃত্বে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করে। রুট মার্চের সময় কেন্দ্রীয় বাহিনী নিমপুরা এলাকার বুথগুলো পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের এলাকার আইনশৃঙ্খলা নিয়ে তাদের অভাব অভিযোগ শোনেন।

