Central force, Kharagpur, খড়্গপুরে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনীর ১১ কোম্পানি, নির্বাচন পূর্ব নিরাপত্তা জোরদার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ মার্চ: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পশ্চিম মেদিনীপুর জেলায় পৌঁছালো কেন্দ্রীয় বাহিনীর এগারো কোম্পানি। সোমবার দুপুরে ট্রেনে করে বাহিনীর জওয়ানরা খড়্গপুর রেল স্টেশনে এসে পৌঁছোয়। তাদের আগমনের পর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বাস, ট্রাক ও পিকআপ ভ্যানে করে জেলার বিভিন্ন থানা এলাকায় বাহিনীর সদস্যদের পাঠানোর ব্যবস্থা করা হয়।

জানা গিয়েছে, নির্বাচন ঘোষণার আগেই জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরির উদ্দেশ্যে এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। খড়্গপুর স্টেশনে পৌঁছনোর পর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গোলাপ ফুল দিয়ে স্বাগত জানান খড়্গপুর টাউন থানার আইসি পার্থ সারথি পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

পুলিশ সূত্রে জানাগেছে, সোমবার থেকেই শহর ও সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ শুরু করতে পারেন। নির্বাচনের আগে জেলার স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে সেখানে বিশেষ নজরদারি চালানো হবে। পাশাপাশি শহর ও গ্রামীণ এলাকাগুলিতে নিয়মিত টহলদারির ব্যবস্থাও করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করা যায়, সেই লক্ষ্যেই কেন্দ্রীয় বাহিনী জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে।

উল্লেখ্য, এর আগেই পশ্চিম মেদিনীপুর জেলায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছিলো। নতুন করে আরও এগারো কোম্পানি বাহিনী আসায় জেলার নিরাপত্তা ব্যবস্থায় আরও জোরদার নজরদারি চালানো সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *