আমাদের ভারত, জলপাইগুড়ি, ৪ জানুয়ারি: জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে গাড়ির বকেয়া ট্যাক্স জমা করলে বকেয়া ট্যাক্সের ওপরে ধার্য হওয়া জরিমানা ১০০ শতাংশ মকুব করা হবে। একই ভাবে যে সমস্ত গাড়ির ফিটনেস এবং পারমিট করানো হয়নি, সে ক্ষেত্রে জানুয়ারি মাসের মধ্যে এই দুটি করালে সম্পূর্ণ জরিমানা মকুব করা হবে। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা শাসক দফতরে উত্তরবঙ্গের মালদহ বাদে ৭ জেলাকে নিয়ে বৈঠকের পর এমনটাই জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
রাজ্যের সাধারণ মানুষকে পরিবহনের পরিসেবা সঠিক ভাবে পৌছে দেওয়া। পরিবহন ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, তারা যাতে নির্ঝঞ্চাটে ব্যবসা করতে পারেন তা নিশ্চিত করার পাশাপাশি পরিবহন সংক্রান্ত আরো কিছু বিষয় নিয়ে এদিন ৭ জেলার আরটিও এবং অতিরিক্ত জেলা শাসকদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, যে সমস্ত বাণিজ্যিক এবং ব্যক্তিগত গাড়ি আছে, সেই গাড়িগুলির ট্যাক্স, ফিটনেস এবং পারমিট রিনিউ করানো হচ্ছে কিনা সেই বিষয় নিয়েও এদিন আলোচনা করা হয়েছে। তবে যে সমস্ত গাড়ির ট্যাক্স বকেয়া পড়ে আছে, ফিটনেস এবং পারমিট রিনিউ করা হয়নি, সেই সমস্ত গাড়ির মালিকদের, রাজ্যের মুখ্যমন্ত্রী একটি ওয়েভার স্কিমের মধ্যে দিয়ে বকেয়া ট্যাক্স জমা করার সুযোগ করে দিয়েছেন। দুই মাসের বকেয়া ট্যাক্স জমা করলে যেমন ফাইন মকুব করা হবে। একই ভাবে জানুয়ারির পরিবর্তে যে সমস্ত গাড়ির মালিক ফেব্রুয়ারি মাসে পারমিট এবং ফিটনেস রিনিউ করাতে যাবেন তাদের ফাইনের ৮০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানান। মন্ত্রী বলেন, এই ধরনের ছাড়ের সুযোগ বার বার দেওয়া যায় না। তাই বাংলার মানুষের কাছে অনুরোধ করা হয়েছে এই সুযোগ নেবার জন্য এবং গাড়ির বৈধ কাগজ পত্র নিয়ে চলাচল করার জন্য।
অন্যদিকে, ট্রাক চালকদের উপর এক তরফা ভাবে আইন লাগু ও জমিমানার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।
এদিন মন্ত্রী বলেন, এই কেন্দ্রের সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে সমস্যায় ফেলবেন না। ভোট বাক্সে এর সঠিক জবাব দিতে হবে।”

